নতুন ব্যাংকিং সেবা 'এক্স মানি' চালু করলেন ইলন মাস্ক

নতুন ব্যাংকিং সেবা 'এক্স মানি' চালু করলেন ইলন মাস্ক
২৯ জুলাই, ২০২৬ ১৭:০৬  
২৯ জুলাই, ২০২৬ ১২:০৮  

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-কে (সাবেক টুইটার) একটি 'সুপার অ্যাপ'-এ রূপান্তরের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন ধনকুবের ইলন মাস্ক। দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত ব্যাংকিং ও আর্থিক লেনদেন সেবা 'এক্স মানি' অবশেষে আনুষ্ঠানিকভাবে চালু করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে যুক্তরাষ্ট্রের এক্স প্ল্যাটফর্মের 'প্রিমিয়াম' ও 'প্রিমিয়াম প্লাস' গ্রাহকদের জন্য এই সুবিধা উন্মুক্ত করা হয়েছে।

মেটাল ভিসা কার্ড ও আকর্ষণীয় মুনাফা
নতুন চালু হওয়া এই সেবার অধীনে গ্রাহকদের কাস্টমাইজড মেটাল ভিসা ডেবিট কার্ড প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে বিশ্বের যেকোনো এটিএম থেকে বিনামূল্যে অর্থ উত্তোলন করা যাবে এবং আন্তর্জাতিক লেনদেনে বাড়তি কোনো চার্জ দিতে হবে না।

এছাড়া আমানতের ওপর গ্রাহকদের সর্বোচ্চ ছয় শতাংশ পর্যন্ত বার্ষিক রিটার্ন বা এপিওয়াই পাওয়ার সুবিধা রাখা হয়েছে। সেই সাথে যোগ্য কেনাকাটায় মিলবে তিন শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। এক্স মানির ব্যবহারকারীরা একই অ্যাপের ভেতরের অন্যান্য ব্যবহারকারীদের কাছে খুব সহজেই তাৎক্ষণিক ও বিনামূল্যে টাকা পাঠাতে পারবেন। পাশাপাশি ওয়্যার ট্রান্সফার ও চেকে অর্থ পাঠানোর সুবিধাও মিলবে এই ব্যাংকিং সেবায়।

নিরাপত্তা ও ব্যাংকিং সহযোগী
সামাজিক মাধ্যমটিতে আর্থিক লেনদেনের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রযুক্তিগত ব্যবস্থা রাখা হয়েছে। ব্যবহারকারীরা নিজস্ব লেনদেনের সীমা নির্ধারণ করতে পারবেন এবং বাড়তি নিরাপত্তার জন্য পাসকি প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করতে পারবেন। কার্ডের মাধ্যমে সম্পন্ন হওয়া প্রতিটি লেনদেন ভিসার বিশেষ নিরাপত্তা বলয় দ্বারা সুরক্ষিত থাকবে।

গ্রাহকদের জমাকৃত অর্থের ব্যাংক হিসাব সুরক্ষায় 'ক্রস রিভার ব্যাংক'-এর সাথে অংশীদারিত্ব করেছে এক্স। মার্কিন ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশনের (এফডিআইসি) আওতায় গ্রাহকদের সর্বোচ্চ আড়াই লাখ ডলার পর্যন্ত জমা অর্থ সম্পূর্ণ বিমাকৃত থাকবে।

ইলন মাস্কের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এক্স-কে চীনের 'উইচ্যাট'-এর মতো একটি প্ল্যাটফর্মে পরিণত করা, যেখানে সামাজিক যোগাযোগের সাথে সাথে আর্থিক সব কাজ সম্পন্ন করা যায়। সেই পরিকল্পনার বাস্তবায়নে এটি একটি বড় অগ্রগতি। আপাতত কেবল যুক্তরাষ্ট্রের অর্থ প্রদানকারী ব্যবহারকারীরা এই সুবিধা পেলেও ধাপে ধাপে পরিধি আরও বিস্তারের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: জিএসএম এরিনা