মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা ইতালির
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অনুমতি ছাড়া ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিওতে প্রবেশাধিকার নেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো (প্রায় ৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার) জরিমানা করেছে ইতালির নিয়ন্ত্রক সংস্থা। দেশটির কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর আরোপ করা অন্যতম বৃহৎ জরিমানা এটি।
ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ (ডেটা প্রোটেকশন অথরিটি) জানিয়েছে, ফেসবুক অ্যাপের একটি বিশেষ ফিচারের মাধ্যমে প্রায় ২ কোটি স্মার্টফোন ব্যবহারকারীর ছবি ও ভিডিওতে মেটা প্রবেশাধিকার পেলেও এ বিষয়ে ব্যবহারকারীদের যথাযথভাবে অবহিত করা হয়নি।
আগামী ৬০ দিনের মধ্যে ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার এবং ব্যবহারকারীদের কাছ থেকে আলাদাভাবে সম্মতি নেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন মেটার এক মুখপাত্র।
অভিযোগের নেপথ্যে যে ফিচার
মূলত ব্যবহারকারীর ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও বিশ্লেষণ করে ফেসবুকে পোস্ট করার পরামর্শ দেয় এমন একটি ফিচারকে কেন্দ্র করে এই অভিযোগের সূত্রপাত। ইতালীয় নিয়ন্ত্রক সংস্থার মতে, ফেসবুক একটি সাধারণ বা অ্যাপ-ব্যাপী অনুমতির মাধ্যমে ব্যবহারকারীদের ফটো গ্যালারিতে প্রবেশের সুযোগ নিয়েছিল।
কিন্তু এর আগের কোনো নোটিশে এটি স্পষ্ট করা হয়নি যে, এই অনুমতির ফলে ফেসবুক ব্যবহারকারীদের গ্যালারির ছবি ব্যবহার করে পোস্টের ধারণা তৈরি করতে পারবে।
নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানায়, ক্ষতিগ্রস্ত মানুষের বিশাল সংখ্যা এবং যাঁরা অ্যাপ হালনাগাদ করেননি বা ইতিমধ্যেই সম্মতি দিয়েছেন তাঁদের ক্ষেত্রে ফিচারটি এখনো সক্রিয় থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে এই জরিমানা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি তদন্তের ক্ষেত্রে মেটার অসহযোগিতার বিষয়টিও সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে।
মেটার প্রতিক্রিয়া ও সাম্প্রতিক প্রেক্ষাপট
জরিমানার বিষয়ে মেটা বিবিসিকে বলেছে, নিয়ন্ত্রক সংস্থার তথ্য মূল্যায়ন, আইনের প্রয়োগ এবং অস্বাভাবিক মাত্রার এই জরিমানার সঙ্গে তারা তীব্রভাবে দ্বিমত পোষণ করছে।
প্রতিষ্ঠানটির দাবি, এটি একটি সাধারণ ফিচার যা মানুষকে ফেসবুকে ছবি ও ভিডিও পোস্ট করতে সহায়তা করে। ফিচারটি চালু হওয়ার আগে ব্যবহারকারীদের নিজস্ব ডিভাইস থেকে অনুমতি দিতে হয় এবং তারা চাইলে সেটিংস থেকে যেকোনো সময় তা পরিবর্তন করতে পারেন।
উল্লেখ্য, এর আগে গত মাসেই ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য ইতিহাসের সবচেয়ে বড় জরিমানার মুখে পড়েছিল মেটা। ফেসবুক ব্যবহারকারীদের তথ্য কীভাবে পরিচালনা করা হয় সে বিষয়ে বছরের পর বছর জনসাধারণের কাছে মিথ্যা বলার প্রমাণ পাওয়ায় যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের এক বিচারক প্রতিষ্ঠানটিকে ২ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার জরিমানা করার আদেশ দিয়েছিলেন।
ডিবিটেক/বিএমটি । সূত্র: বিবিসি





