জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার দাবিতে কর্ণফুলীতে নৌকা বাইচ
কপ৩১ থেকে কৃষকের জন্য সুনির্দিষ্ট অর্থায়নের ঘোষণা আসেনি
- অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষির হলেও বরাদ্দ মাত্র ২০ শতাংশ
- ক্ষুদ্র কৃষকের জন্য ঋণ নয়, অনুদান হিসেবে জলবায়ু অর্থায়নের দাবি
- সৌর সেচ ও হিমাগারের মালিকানা কৃষক ও সমবায়ের হাতে দেওয়ার আহ্বান
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো ঘোষণা না আসায় ক্ষোভ প্রকাশ করে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ফিরিঙ্গী বাজার অভয় মিত্র ঘাটে নৌকা বাইচ, র্যালি ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কপ৩১ চলাকালে ‘আইল থেকে আনতালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংগঠন আইএসডিই বাংলাদেশ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), বিডাব্লিউজিইডি, ক্লিন এবং প্রাণ যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে।
নৌকা বাইচপূর্ব সমাবেশে বক্তারা জানান, ৯ নভেম্বর কপ৩১-এর প্রথম দিনটি ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত থাকলেও সেই আলোচনা থেকে কৃষকের জন্য কোনো সুনির্দিষ্ট অর্থায়ন অঙ্গীকার, সময়সীমা বা বাধ্যতামূলক সিদ্ধান্ত আসেনি। অথচ এফএও-ইউএনডিপির হিসাবে বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশই কৃষি ও খাদ্যব্যবস্থার, বিপরীতে খাতটি পায় অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ। এমনকি জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থে কৃষির ভাগ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমে এসেছে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা চার দফা দাবি উত্থাপন করেন। প্রথমত, ২০ নভেম্বরের কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণের সুস্পষ্ট অঙ্ক রাখতে হবে এবং চাহিদার অনুপাতে নির্ধারিত অংশ কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য বরাদ্দ করে তা ক্ষুদ্র কৃষকের কাছে ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে পৌঁছাতে হবে। দ্বিতীয়ত, কৃষি ও খাদ্যনিরাপত্তা বিষয়ক শার্ম আল-শেখ যৌথ কার্যক্রমের পরবর্তী ধাপে কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে আনুষ্ঠানিক অগ্রাধিকার দিতে হবে এবং কৃষক ও কৃষিশ্রমিকের অধিকারের স্পষ্ট স্বীকৃতি থাকতে হবে। তৃতীয়ত, সৌর সেচ, সৌরচালিত হিমাগার ও কমিউনিটি মিনি-গ্রিডের মতো বিকেন্দ্রীকৃত নবায়নযোগ্য জ্বালানির মালিকানা কৃষক সংগঠন, সমবায় ও নারী কৃষকের হাতে ন্যস্ত করতে হবে এবং সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে তাঁদের সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। চতুর্থত, জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ), এনডিসি ও কপ প্রতিনিধিদলে কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
আইএসডিই-এর কর্মসূচি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, নারী নেত্রী ও ক্যাব মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জানে আলম, ক্যাব সদরঘাটের সভাপতি মোহাম্মদ শাহীন চৌধুরী, আলকরণের মোহাম্মদ মোস্তফা, এবং যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের প্রতিনিধি মামুনুল ইসলাম, সিদরাতুল মুনতাহা ও আবদুল মান্নান জিহাদ প্রমুখ।
//ডিবিটেক/আইএসডিই/এসসিডিআরই/এফওইডি//





