এআই ছাড়া আইএসপি খাতের উন্নয়ন অসম্ভব

ইন্টারনেট সেবাদাতাদের পরিচালনা সহজ ও স্বয়ংক্রিয় করতে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম

ইন্টারনেট সেবাদাতাদের পরিচালনা সহজ ও স্বয়ংক্রিয় করতে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম
৪ আগষ্ট, ২০২৬ ১৬:০৫  

দেশের ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কার্যক্রম আরও সহজ, দ্রুত ও স্বয়ংক্রিয় করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নতুন ‘আইএসপি ইআরপি সফটওয়্যার’ উন্মোচন করেছে তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান প্লেক্সাস ক্লাউড লিমিটেড।

রাজধানীর বনানী ক্লাবে সোমবার (৩ জুলাই) রাতে অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট খাতসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, দেশের ইন্টারনেট খাতের টেকসই উন্নয়নে আধুনিক সফটওয়্যার ও অটোমেশনভিত্তিক সমাধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গ্রহণের বিকল্প নেই উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, “এআই আমাদের অ্যাডাপ্ট করতেই হবে। তা না হলে আমরা আইএসপি ব্যবসাকে পরবর্তী ধাপে নিতে পারব না।” অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁঞা খাতের উন্নয়ন তুলে ধরে জানান, সরকারের ইডিসি প্রকল্পের আওতায় ১ লাখ ৮ হাজার সংযোগ স্থাপনের কাজ চলছে, যার মধ্যে ইতিমধ্যে ৫৫ হাজার সংযোগের কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজও নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

​প্লেক্সাস ক্লাউড লিমিটেড জানিয়েছে, নতুন এই এআই-ভিত্তিক ইআরপি সফটওয়্যারটি আইএসপি প্রতিষ্ঠানগুলোর বিলিং, গ্রাহক ব্যবস্থাপনা, নেটওয়ার্ক পরিচালনা, হিসাবরক্ষণ, বিটিআরসি কমপ্লায়েন্স এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম এক প্ল্যাটফর্মে পরিচালনার বিশেষ সুবিধা দেবে। এর মাধ্যমে আইএসপিগুলো আরও উন্নত গ্রাহকসেবা প্রদান, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত এবং দ্রুতগতির ও নির্ভরযোগ্য সেবা প্রদানে সক্ষম হবে।

গ্রাহকসেবার মান উন্নত করতে এই প্ল্যাটফর্মের সঙ্গে রয়েছে একটি বিশেষ 'ইন্টারনেট ইউজার অ্যাপ', যার মাধ্যমে গ্রাহকরা তাদের সংযোগের তথ্য, বিল পরিশোধ ও সেবা-সংক্রান্ত তথ্য সহজে জানতে পারবেন। পাশাপাশি আইএসপিগুলোর ট্রান্সমিশন কার্যক্রম গতিশীল ও কার্যকর করতে যুক্ত করা হয়েছে 'ট্রান্সমিশন অ্যাপ', যা নেটওয়ার্ক পরিচালনা ও মনিটরিং সহজ করবে।

​অনুষ্ঠানে এআইবিষয়ক বইয়ের লেখক রাকিবুল হাসান বলেন, এআই-এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে মানসম্মত ডেটার প্রয়োজন হয়, যা প্লেক্সাস ক্লাউডের প্ল্যাটফর্মে বিদ্যমান থাকায় তারা আরও সুনির্দিষ্ট সেবা দিতে সক্ষম হচ্ছে।

প্লেক্সাস ক্লাউড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোবারক হোসেন বলেন, “দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে আরও স্মার্ট ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার আওতায় আনতেই এই এআইভিত্তিক সমাধান তৈরি করা হয়েছে। এটি পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি দৈনন্দিন কাজকে আরও দ্রুত ও নির্ভুল করবে।”

অনুষ্ঠানে আইএসপিএবির সাবেক সভাপতি ইমদাদুল হকসহ আইসিটি বিভাগের ইডিসি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট দেশের ৩৬টি আইএসপি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
​//ডিবিটেক/এসআই/এমআইএস//