৯০ দিনের মধ্যে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের জন্য তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ গঠনতন্ত্র
আইসিটি খাতে বিএনপির নতুন মঞ্চ
টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে কর্মরত ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদ্যোক্তা ও পেশাজীবীদের নিয়ে ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’ (Nationalist ICT Forum)-এর প্রথম কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৫ ফেব্রুয়ারি, রবিবার দলের তথ্য ও প্রযুক্তি দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়েছে।
প্রকৌশলী রাফেল কবিরকে সভাপতি এবং রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়েছে। এ কে এম ওয়াহিদুজ্জামানকে প্রধান উপদেষ্টা করে নয় সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন ড. মারুফ মল্লিক, প্রফেসর শাহ জে মিয়া, ড. আতিকুর রহমান, ফয়সল আলিম, প্রফেসর কামরুদ্দিন নূর এবং প্রকৌশলী মিজানুর রহমানসহ বিভিন্ন পেশাজীবী।
বিএনপির তথ্য ও প্রযুক্তি দপ্তর থেকে জানানো হয়েছে যে, পাঁচ সদস্যের একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে তিনজন সহসভাপতির মধ্যে রয়েছেন রূপম রাজ্জাক, সামিউল ইসলাম ও ইমতিয়াজ মির্জা; চারজন যুগ্ম সম্পাদক হলেন—মামুন অর রশীদ, হাসিবুর রশিদ, রোকনুজ্জামান রনি ও সজিব বড়ুয়া।
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ফেরদৌস আলম ইপন।
এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন আহমেদ সৈকত, দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. জুয়েল, গবেষণা সম্পাদক নিশাত আনজুম, অর্থ সম্পাদক নাউইদ হোসেন, আইন সম্পাদক সাইমুম রেজা তালুকদার, নারী বিষয়ক সম্পাদক নাজিবা ওয়াজিহা মাহবুব, সাংস্কৃতিক সম্পাদক শামীম আজাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুবায়ের রিয়েল, ফ্রন্টিয়ার টেকনোলজি সম্পাদক মো. ইলিয়াস মোল্লা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তাপসী হাসান চৌধুরী এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. আল মামুন।
এর বাইরে ১৭ সদস্যের নাম উল্লেখ করে এই কমিটি ঘোষণা করেছেন এ কে এম ওয়াহিদুজ্জামান।
নবগঠিত এই কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন করে স্থায়ী সাংগঠনিক কাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। গঠনতন্ত্র চূড়ান্ত না হওয়া পর্যন্ত কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সম্মতিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
এ বিষয়ে বেসিসের সাবেক চেয়ারম্যান এবং বুয়েট গ্র্যাজুয়েট প্রকৌশলী রাফেল কবির ডিজিবাংলাটেকডটনিউজকে বলেছেন, “আমরা এমন একটি পেশাদার-ব্যবসায়ী ও উদ্যোক্তা ফোরাম করছি, যারা শুধু জাতীয়তাবাদে বিশ্বাসী নয়; দেশকে এগিয়ে নিতে সরকারকে সঠিক পথে পরিচালনায়ও ভূমিকা রাখবে। সেসব বিষয় নিশ্চিত করতেই এখন পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে। সেখানে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়টি সুস্পষ্ট থাকবে। সেটি শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আমরা এই খাতের নীতিনির্ধারণ প্রণয়নে ভূমিকা রাখব। খাতসংশ্লিষ্টদের অধিকার আদায়ে প্রয়োজনে মাঠে নামব।”
সূত্রমতে, এই ফোরামটি সমসাময়িক প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে সেমিনার ও সভার আয়োজন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক বিশেষজ্ঞ ও পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে প্রযুক্তিভিত্তিক জনমত তৈরি, নিরাপদ সাইবার স্পেস গঠন এবং নাগরিকদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করবে। পাশাপাশি আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতের নীতিনির্ধারণে পরামর্শ প্রদান করবে।
ডিবিটেক/ডিএইচই/আইএইচ







