গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশলগত অংশীদারিত্ব
দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং ডেকো লেগ্যাসি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডেকো ফুডস লিমিটেড একটি কৌশলগত পার্টনারশিপ গঠন করেছে। সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং ডেকো লেগ্যাসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কল্পন হোসেন এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় উন্নত কানেক্টিভিটি ও ডিজিটাল এন্টারপ্রাইজ সলিউশনের মাধ্যমে ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করতে কাজ করবে দুই প্রতিষ্ঠান। এই প্রযুক্তিনির্ভর যৌথ উদ্যোগটি ডেকো ফুডসের পরিচালন দক্ষতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে খাদ্য উৎপাদন খাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান জানান, নির্ভরযোগ্য কানেক্টিভিটি ও উন্নত এন্টারপ্রাইজ সলিউশন আধুনিক ব্যবসার গতিশীলতা ও দীর্ঘমেয়াদী প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে অপরিহার্য। এই পার্টনারশিপ প্রযুক্তির মাধ্যমে আরও স্মার্ট পরিচালন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের ডিজিটাল অগ্রযাত্রায় অবদান রাখবে।
ডেকো লেগ্যাসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কল্পন হোসেন উল্লেখ করেন, উদ্ভাবন ও প্রযুক্তি তাদের প্রবৃদ্ধি কৌশলের মূল ভিত্তি, এবং গ্রামীণফোনের ডিজিটাল সলিউশন ব্যবহারের মাধ্যমে তারা পরিচালন সক্ষমতা বাড়ানো ও গ্রাহকসেবার উচ্চমান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
//ডিবিটেক/এমএসআই/এমএনআর//





