জেবিএল প্রো অডিও নিয়ে এসিআই মটরসের নতুন যাত্রা
আন্তর্জাতিক অডিও প্রযুক্তি ব্র্যান্ড জেবিএল প্রো অডিও (JBL Pro Audio) বাংলাদেশে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে এসিআই মটরস লিমিটেড (ACI Motors Limited)। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে কোম্পানিটির প্রধান কার্যালয়ে ১৩ মার্চ৷ শুক্রবার ‘জেবিএল প্রো অডিও বাংলাদেশ’ ব্যানারে একটি গ্র্যান্ড ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগীতশিল্পী, সাউন্ড ও অডিও ইন্ডাস্ট্রির পেশাজীবী, ইভেন্ট ও লাইভ সাউন্ড টেকনোলজি সংশ্লিষ্ট উদ্যোক্তা, স্থপতি, ডিলার ও ব্যবসায়িক অংশীদাররা অংশ নেন।
এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস বলেন, আন্তর্জাতিক মানের অডিও প্রযুক্তি ও সাউন্ড সিস্টেম বাংলাদেশের শিল্পী ও অডিও পেশাজীবীদের কাছে পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে ইয়ামাহা (Yamaha) এবং জেবিএল (JBL)—এই দুই বিশ্বখ্যাত মিউজিক ও অডিও প্রযুক্তি ব্র্যান্ড এসিআই মটরসের ব্যানারে যুক্ত হয়েছে।
তিনি জানান, জেবিএল-এর আধুনিক সাউন্ড সিস্টেম ব্যবহার করে দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে একটি বড় কনসার্ট আয়োজনের মাধ্যমে বাংলাদেশে ব্র্যান্ডটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (BAMBA)-এর সভাপতি হামিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের লাইভ মিউজিক ও প্রফেশনাল অডিও ইন্ডাস্ট্রিতে জেবিএল-এর মতো বিশ্বমানের প্রযুক্তি যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ অগ্রগতি।
উল্লেখ্য, জেবিএল (JBL) বিশ্বের অন্যতম শীর্ষ অডিও প্রযুক্তি ব্র্যান্ড, যার ইতিহাস ৭৫ বছরের বেশি। লাইভ কনসার্ট, স্টেডিয়াম, স্টুডিও ও বড় আন্তর্জাতিক ইভেন্টে ব্যবহৃত উচ্চমানের সাউন্ড সিস্টেমের জন্য ব্র্যান্ডটি বিশ্বজুড়ে সুপরিচিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের উপপরিচালক রোকন সরকার, ওয়ারফেইজ (Warfaze) ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য শেখ মনিরুল আলম টিপু ও ইব্রাহিম আহমেদ কমল, রেনেসাঁ (Renaissance) ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য নকীব খান, পিয়ানোবাদক ও ওয়ারফেইজের সাবেক সদস্য রোমেল আলী, সোলস (Souls) ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং Naseem Ali Khan Project–এর নাসিম আলী খান, সাউন্ড লাইট অ্যান্ড লেজার রেন্টাল বিজনেস অ্যাসোসিয়েশন (SLLRB)-এর সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাওল হার্ট সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কবি মোহন রায়হান, গীতিকার ও লেখক শহীদ মাহমুদ জঙ্গী, আর্টসেল (Artcell) ব্যান্ডের সাজু, কণ্ঠশিল্পী মেহরীন ও ঐশী, কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার তরুণ মুন্সী এবং চলচ্চিত্র নির্মাতা ও সঙ্গীত পরিচালক ফয়সল রদ্দি।
অনুষ্ঠানে অতিথিরা প্রফেশনাল অডিও প্রযুক্তি, লাইভ সাউন্ড ইঞ্জিনিয়ারিং এবং সংগীত ইন্ডাস্ট্রির উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। তাদের মতে, আন্তর্জাতিক মানের অডিও প্রযুক্তির বিস্তার দেশে লাইভ মিউজিক ও কনসার্ট প্রোডাকশন খাতকে আরও শক্তিশালী করবে।
ডিবিটেক/এমএআর/এমইউএম







