নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও ডিজিটাল স্টোরিটেলিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ডিজিটাল সাংবাদিকতা ও দায়িত্বশীল কনটেন্ট তৈরিতে এনএসইউতে টিকটকের মাস্টারক্লাস
- এনএসইউতে মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের সহযোগিতায় টিকটকের দুই দিনের ওয়ার্কশপ
- শিক্ষার্থী ও ক্রিয়েটরদের জন্য ছিল প্যানেল আলোচনা, প্রশিক্ষণ ও নিউজরুম পরিদর্শনের সুযোগ
- তথ্য যাচাই, নৈতিক কনটেন্ট নির্মাণ এবং এআই-এর প্রভাব নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা
৩ আগস্ট, সোমবার: ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকতা, দায়িত্বশীল কনটেন্ট তৈরি এবং স্টোরিটেলিং বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) দুই দিনব্যাপী “টিকটক মাস্টারক্লাস অন জার্নালিজম অ্যান্ড ডিজিটাল স্টোরিটেলিং” শীর্ষক একটি বিশেষ ওয়ার্কশপ আয়োজন করেছে টিকটক।
এনএসইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই কর্মশালায় শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক এবং কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন। আয়োজনে ছিল প্রশিক্ষণ, প্যানেল আলোচনা, অনলাইন নিরাপত্তা, ফ্যাক্ট-চেকিং এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য জাতীয় সংবাদ মাধ্যমের নিউজরুম পরিদর্শনের সুযোগ।
এনএসইউ উপাচার্য ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, “আমাদের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের সাথে টিকটক এমন একটি আয়োজন করায় আমরা আনন্দিত। এটি শিক্ষার্থীদের ডিজিটাল যোগাযোগ ও সাংবাদিকতায় ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে।”
ওয়ার্কশপের প্রথম দিনে বিভাগের চেয়ারম্যান ড. মো. হারিসুর রহমান, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন ড. মো. রিজওয়ানুল ইসলাম ও উপাচার্য বক্তব্য রাখেন। এ সময় অনুষ্ঠিত প্যানেল আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব ও নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির, টিকটকের ট্রাস্ট অ্যান্ড সেফটি লিড আসমা আনজুম ও ক্রিয়েটর কারান পারিহার। ড. হারিসুর রহমান বলেন, “সাংবাদিকতার পড়াশুনা এখন আর শুধু প্রচলিত রিপোর্টিংয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের আধুনিক মিডিয়া ও তথ্যভিত্তিক কনটেন্ট তৈরির জন্য উপযোগী করা।”
দ্বিতীয় দিনে তথ্য যাচাই, সামাজিক প্রভাব ও কনটেন্ট ক্রিয়েশনের নানা দিক নিয়ে আলোচনা করেন গবেষক মো. জাহিদ হোসেন খান, টিকটকের ট্রাস্ট অ্যান্ড সেফটি লিড ইমাদ জাফর এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাশিক মোহতাসিন (ম্যাজিক রাজিক) ও সাবা চৌধুরী।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের সহযোগিতায় গত ২৭ ও ২৮ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালা চলাকালে শিক্ষার্থীরা সামাজিক বিভিন্ন ইস্যুতে শর্ট ভিডিও বানিয়ে স্টোরিটেলিং প্রতিযোগিতায় অংশ নেন। সমাপনী দিনে এনএসইউ উপ-উপাচার্য ড. নাসার ইউ. আহমেদ অংশগ্রহণকারীদের হাতে সনদ ও সেরা ৩ বিজয়ী কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কার তুলে দেন। পরবর্তীতে বিজয়ীরা সরাসরি জাতীয় টিভির নিউজরুম পরিদর্শনের সুযোগ পান।
//ডিবিটেক/ সিবিপি/ এসএমই//





