শিক্ষা ও গবেষণায় এআই টুলের নৈতিক ব্যবহারের ওপর জোর
বাংলাদেশ ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের সেন্ট বোনাভেঞ্চার ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মানসুরা নুসরাত
- উপাচার্য জানান, এআই গবেষণাকে বেগবান করতে বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে 'এআই সেন্টার' প্রতিষ্ঠিত হয়েছে
৩ আগস্ট, সোমবার: দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে “একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা: উদীয়মান প্রবণতা, গবেষণা পদ্ধতি এবং ব্যবহারিক প্রয়োগ” শীর্ষক এক সেমিনার ইউনিভার্সিটির সেমিনার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রি. জে. মোঃ মাহবুবুল হক (অব.) এবং ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. গাজী মোঃ আবু ঈসা নূর।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের সেন্ট বোনাভেঞ্চার ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. মানসুরা নুসরাত।
মূল প্রবন্ধে ড. মানসুরা নুসরাত একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ক্রমবর্ধমান গুরুত্ব, গবেষণা নকশা ও তথ্য বিশ্লেষণে আধুনিক এআই টুলের ব্যবহার, গবেষণার মানোন্নয়নে এআই-এর সম্ভাবনা, নৈতিকতা, সীমাবদ্ধতা এবং দায়িত্বশীল ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাকে আরও গতিশীল, তথ্য নির্ভর ও কার্যকর করে তুললেও এর যথাযথ ও নৈতিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই-নির্ভর কনটেন্ট তৈরি এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির বিস্তারের ফলে প্রচলিত শিক্ষা ও মূল্যায়ন পদ্ধতি নতুনভাবে পর্যালোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা আজ শিক্ষার প্রতিটি স্তরে সুদূরপ্রসারী প্রভাব ফেলছে। এটি আমাদের দৈনন্দিন জীবন, শিক্ষা ও গবেষণাকে রূপান্তর করছে। বাংলাদেশ ইউনিভার্সিটি সব সময় উদ্ভাবনকে গুরুত্ব দেয়, যার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে একটি আধুনিক ‘এআই সেন্টার’ প্রতিষ্ঠা করা হয়েছে। এই গবেষণাগারের মাধ্যমে এআই-ভিত্তিক নানা প্রকল্প পরিচালিত হচ্ছে।”
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. গাজী মোঃ আবু ঈসা নূর বলেন, ব্যবসায় প্রশাসনসহ সকল অনুষদের গবেষণাতেই এখন প্রযুক্তির ছোঁয়া লেগেছে এবং শিক্ষার্থীদের এই নতুন ধারার সাথে পরিচিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ এসএএন/ এমআইএস//





