পোকেমন পোকোপিয়ার প্রথম ডিএলসি আসছে ৫ আগস্ট

পোকেমন পোকোপিয়ার প্রথম ডিএলসি আসছে ৫ আগস্ট
৩১ জুলাই, ২০২৬ ১০:২৮  

চলতি বছরের মার্চে নিনটেন্ডো সুইচ ২ কনসোলে মুক্ত হওয়ার পর গেমারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল নতুন ভিডিও গেম ‘পোকেমন পোকোপিয়া’। বহুল জনপ্রিয় এই গেমটির প্রথম পেইড ফিচার আপডেট 'বাবলি বেসিন' আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে গেমারদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। 

পানির নিচে নতুন জগত ও ডুব দেওয়ার ফিচার
এই নতুন আপডেটে মূলত সমুদ্রের তলদেশে ঘুরে বেড়ানোর একটি সম্পূর্ণ নতুন এলাকা যুক্ত করা হয়েছে, যা দেখতে অনেকটাই কাল্পনিক 'সারুলিয়ান সিটি' ধ্বংসাবশেষের মতো। সেখানে যাওয়ার জন্য গেমে যুক্ত করা হয়েছে নতুন 'ডাইভ' বা ডুব দেওয়ার বিশেষ ক্ষমতা। সমুদ্রের তলদেশের অন্যান্য অংশ অনুসন্ধানের সুবিধার্থে এই ডাইভ ফিচারটি গেমটির সব ব্যবহারকারীর জন্যই একদম বিনামূল্যে আপডেট হিসেবে দেওয়া হবে।

গেমটির মূল উদ্দেশ্য আগের মতোই থাকবে, অর্থাৎ বিভিন্ন পোকেমনের পছন্দ অনুযায়ী তাদের বসবাসের পরিবেশ তৈরি করে আকৃষ্ট করা। তবে ডাঙার চেয়ে পানির নিচে নতুন শহর গড়ার একটি বড় সুবিধা হলো এতে 'ভাসমান ব্লক' ব্যবহার করা যাবে। এর ফলে গেমাররা পানির ভেতরে ত্রিমাত্রিক বা থ্রি-ডি গঠনের নানা স্থাপনা তৈরি করতে পারবেন।

নতুন সাজসজ্জা ও এক্সপ্যানশন পাস সংক্রান্ত তথ্য
সমুদ্রের তলদেশের জীবনের উপযোগী নতুন ফার্নিচার, সাজসজ্জার অনুষঙ্গ, তরমুজ চাষের সুবিধা এবং প্রয়োজনীয় নানা উপাদানে ভরা একটি নতুন 'ড্রীম আইল্যান্ড' থাকছে এই আপডেটে। তবে অসন্তুষ্টির বিষয় হলো, নতুন এই এলাকা বা 'বাবলি বেসিন' এককভাবে কেনার কোনো সুযোগ নেই। এটি কিনতে হলে ৩৫ ডলারের 'পোকেমন পোকোপিয়া এক্সপ্যানশন পাস' সংগ্রহ করতে হবে। 

অবশ্য এই পাসের অধীনে গেমাররা ভবিষ্যতে আসতে যাওয়া আরও তিনটি বড় ডিএলসি আপডেটের সুবিধা পাবেন।

ডিবিটেক/বিএমটি    ।   সূত্র: এনগ্যাজেট