নিয়মিত ফোন রিস্টার্ট দেওয়ার সুবিধা ও প্রচলিত ভুল ধারণা
স্মার্টফোন দীর্ঘদিন ধরে চালু রাখলে তা ধীরগতির হয়ে যায় কিংবা নিয়মিত রিস্টার্ট দেওয়া জরুরি, এমন অনেক ধারণাই প্রচলিত রয়েছে বাজারে। তবে আধুনিক প্রযুক্তির অপারেটিং সিস্টেমগুলোর কারণে প্রতিদিন বা নির্দিষ্ট সময় মেনে ফোন বন্ধ ও চালু করার খুব বেশি প্রয়োজন পড়ে না। যদিও নিয়মিত রিস্টার্ট দেওয়ার পেছনে পারফরম্যান্স বৃদ্ধি ও নিরাপত্তার মতো কিছু উল্লেখযোগ্য সুফল রয়েই গেছে।
পারফরম্যান্স ও ক্যাশ ক্লিয়ার করার সুবিধা
অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় অপারেটিং সিস্টেমেই একাধারে কয়েক সপ্তাহ ফোন চালু রাখা সম্ভব। অ্যাপ দ্রুত চালু করার স্বার্থে স্মার্টফোন স্বয়ংক্রিয়ভাবে অস্থায়ী ফাইল বা 'ক্যাশ' মেমোরিতে জমিয়ে রাখে। তবে দীর্ঘদিন ব্যবহারের পর মেমোরি ব্যবস্থাপনায় জটিলতা দেখা দিলে অ্যাপ ক্র্যাশ করা বা ব্যাটারি বেশি খরচের মতো সমস্যা দেখা দেয়। ফোন রিস্টার্ট দিলে ফোনের র্যাম থেকে অপ্রয়োজনীয় অস্থায়ী ডাটা মুছে যায় এবং ফোনটি নতুন উদ্যমে কাজ করা শুরু করে। আইফোনের তুলনায় অ্যান্ড্রয়েড ডিভাইসে এই সুবিধা কিছুটা বেশি বোঝা যায়।
সাইবার নিরাপত্তা ও 'বিএফইউ' অবস্থা
অনেকে মনে করেন ফোন রিস্টার্ট দিলে সাইবার আক্রমণ থেকে শতভাগ মুক্ত থাকা যায়। মূলত স্পিয়ার ফিশিং বা জিরো-ক্লিক ম্যালওয়্যারের মতো উচ্চমাত্রার সাইবার হামলাগুলো সাময়িকভাবে ব্যর্থ হতে পারে, কারণ ফোন বন্ধ হলে মেমোরিতে থাকা ক্ষতিকর কোড মুছে যায়। তবে আক্রমণকারীরা বারবার একই চেষ্টা চালিয়ে যেতে পারে।
তবে ফোন রিস্টার্টের মূল নিরাপত্তা সুবিধা হলো 'বিফোর ফার্স্ট আনলক' বা বিএফইউ ব্যবস্থা। একটি ফোন বন্ধ করে চালুর পর পাসকোড বা পিন দিয়ে প্রথমবার আনলক করার আগ পর্যন্ত ফোনটির ফাইল সম্পূর্ণ এনক্রিপ্টটেড থাকে। ফলে কোনো কারণে ফোন চুরি হলে বা হাতছাড়া হলে সেই অবস্থায় ডিভাইসটির অভ্যন্তরীণ তথ্য হ্যাক করা বা চুরি করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
কতদিন পর পর রিস্টার্ট দেবেন?
ব্যবহারকারীরা যদি কোনো নির্দিষ্ট সময়সূচি মেনে ফোন রিস্টার্ট দিতে চান, তবে সপ্তাহে অন্তত একবার রিস্টার্ট দেওয়াই যথেষ্ট। স্যামসাংয়ের মতো কিছু ব্র্যান্ডের ফোনে সুবিধাজনক সময়ে স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হওয়ার বিল্ট-ইন ফিচার থাকে। অন্যদিকে গুগল পিক্সেল বা আইফোন দীর্ঘ ৭২ ঘণ্টা অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে সুরক্ষার স্বার্থে নিজেই রিস্টার্ট নেয়।
মোবাইল ধীরগতির মনে হলে বা নেটওয়ার্ক সংযোগে কোনো ছোটখাটো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ম্যানুয়ালি রিস্টার্ট দেওয়াই হলো সবচেয়ে সহজ সমাধান। এছাড়া সাধারণ ব্যবহারের জন্য প্রতিদিন নিয়ম করে ফোন রিস্টার্ট দেওয়ার আলাদা কোনো আবশ্যকতা নেই।
ডিবিটেক/বিএমটি





