এআই এজেন্ট নিয়ন্ত্রণে ফিজিক্যাল কিপ্যাড আনলো ওপেনএআই

এআই এজেন্ট নিয়ন্ত্রণে ফিজিক্যাল কিপ্যাড আনলো ওপেনএআই
১৬ জুলাই, ২০২৬ ১৬:৫৯  

ওপেনএআই আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম হার্ডওয়্যার পণ্য বাজারে উন্মোচন করেছে। তবে জনি আইভের ডিজাইন করা সেই বহুল আলোচিত পণ্যের আগে প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে ‘কোডেক্স মাইক্রো’- যা মূলত একটি বিশেষায়িত ম্যাক্রোপ্যাড বা ফিজিক্যাল কিপ্যাড। জনপ্রিয় কাস্টম কিবোর্ড নির্মাতা প্রতিষ্ঠান ‘ওয়ার্ক লাউডার’-এর সাথে যৌথ অংশীদারিত্বে এটি তৈরি করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো ওপেনএআই-এর এআই কোডিং অ্যাসিস্ট্যান্ট ‘কোডেক্স’-এর বিভিন্ন এআই এজেন্টকে সরাসরি ডেস্কটপ থেকে নিয়ন্ত্রণ করা। 

গত জুন মাস থেকে এই ডিভাইসটির টিজার প্রকাশের পর অবশেষে ১৫ জুলাই থেকে ২৩০ মার্কিন ডলারে এটির অর্ডার নেওয়া শুরু হয়েছে। যারা ওয়ার্ক লাউডারের আগের ‘ক্রিয়েটর মাইক্রো ২’ বা ওয়েবসাইট বিল্ডার ফ্রেমারের সাথে করা ‘ফ্রেমার মাইক্রো’ কিপ্যাডগুলো দেখেছেন, তারা কোডেক্স মাইক্রোর ডিজাইন ও ফিনিশিং সম্পর্কে সহজেই ধারণা পাবেন। 

এই স্কয়ার আকৃতির কিপ্যাডটিতে ১৩টি মেকানিক্যাল সুইচ, একটি টাচ সেন্সর, একটি রোটারি ডায়াল এবং একটি ছোট জয়স্টিক রয়েছে। এর মধ্যে ওপরের সারির ছয়টি সেমি-ট্রান্সপারেন্ট বা ফ্রস্টেড কি-তে আরজিবি এলইডি লাইট দেওয়া হয়েছে, যা দেখে স্ক্রিনের দিকে না তাকিয়েই এআই এজেন্টের কাজের অবস্থা (যেমন: আইডিয়াল, প্রসেসিং, কমপ্লিট বা এরর) সরাসরি সনাক্ত করা যায়। 

এছাড়া নিচের সারির কি-গুলোকে কোড গ্রহণ বা প্রত্যাখ্যান করা, নতুন থ্রেড তৈরি করা কিংবা ভয়েস ইনপুট বা পুশ-টু-টক-এর মতো প্রয়োজনীয় শর্টকাট হিসেবে ব্যবহার করা যাবে। 

এর বিশেষ ডায়ালটির মাধ্যমে কোডেক্স এজেন্ট কত গভীর যুক্তি (Reasoning level) ব্যবহার করবে তা নিয়ন্ত্রণ করা যায় এবং জয়স্টিক দিয়ে কোডেক্সের কাজের ভিন্ন ভিন্ন উইন্ডো বা ওয়ার্কফ্লোতে দ্রুত সুইচ করা সম্ভব। 

পুরো কিপ্যাডটি ব্যবহারকারী নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন এবং এতে ব্যবহারের জন্য বাক্সের সাথে অতিরিক্ত ৩২টি কাস্টম কি-ক্যাপও দেওয়া হচ্ছে।  

ওপেনএআই সম্প্রতি তাদের কোডেক্স অ্যাপটিকে একটি "সুপার অ্যাপ"-এ রূপান্তর করেছে, যা সাধারণ চ্যাটজিপিটি, কোডেক্স এবং সাধারণ প্রোডাক্টিভিটি-ভিত্তিক নতুন এজেন্ট টুল ‘চ্যাটজিপিটি ওয়ার্ক’-এর সমস্ত সুবিধাকে একসাথে যুক্ত করেছে। 

যদিও মাউস-কিবোর্ড দিয়ে এই অ্যাপের সব কাজ করা সম্ভব, তবুও যারা দিনরাত কোডিংয়ের কাজে বুঁদ হয়ে থাকেন, তাদের জন্য কোডেক্স মাইক্রো পুরো নেভিগেশন প্রক্রিয়াটিকে অনেক বেশি সহজ ও আনন্দদায়ক করে তুলবে।  

ওপেনএআই-এর অন্যান্য হার্ডওয়্যার প্রজেক্টের তুলনায় কোডেক্স মাইক্রো বেশ নির্বিঘ্নেই বাজারে এসেছে। কারণ কোম্পানিটির আসন্ন স্মার্ট স্পিকার নিয়ে ইতিমধ্যেই অ্যাপলের সাথে বড় ধরণের আইনি জটিলতা তৈরি হয়েছে। 

অ্যাপল সম্প্রতি ওপেনএআই এবং তার দুই বর্তমান কর্মী ত্যাং ইউ তান ও চ্যাং লিউ-এর বিরুদ্ধে বাণিজ্যিক গোপনীয়তা চুরির অভিযোগে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলা করেছে; যারা পূর্বে অ্যাপলের ডিজাইন টিমে কর্মরত ছিলেন।  

আপাতত ওপেনএআই এবং ওয়ার্ক লাউডারের নিজস্ব স্টোর থেকে এই কোডেক্স মাইক্রোটি ২৩০ ডলারে অর্ডার করা যাচ্ছে। তবে ওয়ার্ক লাউডারের স্টোর পেজে জানানো হয়েছে যে এটি অত্যন্ত সীমিত পরিমাণে তৈরি করা হয়েছে, তাই স্টক থাকা পর্যন্তই কেবল প্রি-অর্ডার করার এই সুযোগ পাওয়া যাবে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: এনগ্যাজেট