ডেলিভারি জায়ান্ট ডেলিভারি হিরোকে কিনতে যাচ্ছে উবার

ডেলিভারি জায়ান্ট ডেলিভারি হিরোকে কিনতে যাচ্ছে উবার
১৬ জুলাই, ২০২৬ ২০:০৯  

বিশ্বজুড়ে ফুড ডেলিভারি ও যাতায়াত সেবার পরিধি আরও বাড়ানোর লক্ষ্যে একটি বড় ধরণের অধিগ্রহণ সম্পন্ন করতে যাচ্ছে উবার টেকনোলজিস। জার্মান ফুড ডেলিভারি কোম্পানি ‘ডেলিভারি হিরো’ কিনে নেওয়ার জন্য আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন রাইড-শেয়ারিং জায়ান্ট উবার। এই চুক্তির আওতায় কোম্পানিটির প্রতিটি শেয়ারের জন্য নগদ ৪১.৫০ ইউরো মূল্য প্রস্তাব করা হয়েছে, যা ডেলিভারি হিরোর সামগ্রিক বাজার মূল্যকে প্রায় ১৩ বিলিয়ন ইউরো বা ১৪.৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করবে।  

উবারের প্রধান নির্বাহী দারা খোসরোশাহী এক বিবৃতিতে এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, দুই প্ল্যাটফর্মকে একসাথে নিয়ে আসার মাধ্যমে বিশ্বজুড়ে আরও লাখ লাখ মানুষের কাছে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ডেলিভারি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এর মাধ্যমে উবার এমন অনেক নতুন বাজারে তাদের যৌথ যাতায়াত ও ডেলিভারি সেবা প্রায় দ্বিগুণ করতে সক্ষম হবে যেখানে তারা আগে সক্রিয় ছিল না। ২০২৭ সালের দ্বিতীয় অর্ধেকের মধ্যে এই অধিগ্রহণ প্রক্রিয়াটি সম্পূর্ণ শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছে কোম্পানিটি।  

এই চুক্তি সম্পন্ন করতে ডেলিভারি হিরোর মূল ব্যবসায় বড় ধরণের রদবদল আনা হচ্ছে, যার প্রধান লক্ষ্য হলো বিভিন্ন দেশে উবারের নিজস্ব ইকোসিস্টেমের সাথে ব্যবসার সরাসরি ওভারল্যাপ বা একই ভৌগোলিক সীমানায় একাধিক সেবার উপস্থিতি কমিয়ে আনা। এর ফলে বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তারের আইনি বাধা বা অ্যান্টিট্রাস্ট রেগুলেটরিদের কড়া নজরদারি এড়ানো সম্ভব হবে। 

এই পরিকল্পনার অংশ হিসেবে ডেলিভারি হিরো তাদের তুর্কি সহযোগী প্রতিষ্ঠান ‘ইয়েমেকসেপেতি’-সহ ইউরোপ ও দক্ষিণ আমেরিকার মোট ১৪টি বাজারের ব্যবসায়িক কার্যক্রমকে নিউ ইয়র্ক-ভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘এসএসডব্লিউ পার্টনার্স’-এর কাছে ১৪০ কোটি ইউরোতে বিক্রি করে দেবে। এই বিক্রিত অংশের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের এমন ৪টি বাজারও রয়েছে যেখানে উবারের সাথে ডেলিভারি হিরোর সরাসরি প্রতিযোগিতা ছিল—যেমন পোল্যান্ড, পর্তুগাল, স্পেন ও সুইডেন।  

উবারের এই অধিগ্রহণের প্রস্তাবকে ডেলিভারি হিরোর ম্যানেজমেন্ট এবং সুপারভাইজরি বোর্ড সর্বসম্মতভাবে সমর্থন জানিয়েছে এবং সাধারণ শেয়ারহোল্ডারদেরও এটি গ্রহণ করার জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। উবার ইতিমধ্যেই ডেলিভারি হিরোর বিপুল পরিমাণ শেয়ারের মালিকানা নিজের নিয়ন্ত্রণে রেখেছে। 

সম্প্রতি কোম্পানিটি তাদের প্রধান শেয়ারহোল্ডার ‘প্রোসাস’ এবং হংকং-ভিত্তিক ‘অ্যাসপেক্স ম্যানেজমেন্ট’ থেকে বড় অংকের শেয়ার কিনে নেয়। বর্তমানে ডেলিভারি হিরোর প্রায় ২৪.৭৭ শতাংশ ভোটিং শেয়ার উবারের সরাসরি মালিকানায় রয়েছে এবং ডেরিভেটিভসহ সব মিলিয়ে তাদের মোট অর্থনৈতিক অংশীদারিত্ব প্রায় ৩৭ শতাংশে পৌঁছেছে। প্রোসাস তাদের হাতে থাকা বাকি ১৭ শতাংশ শেয়ারও উবারের এই নতুন প্রস্তাবে বিক্রি করার বিষয়ে চূড়ান্ত প্রতিশ্রুতি দিয়েছে, যার ফলে উবারের মোট অংশীদারিত্ব দাঁড়াবে প্রায় ৫৩ শতাংশে।  

চুক্তির অন্যান্য শর্তাবলী অনুযায়ী, উবার বার্লিনে অবস্থিত ডেলিভারি হিরোর প্রধান কার্যালয়টি অপরিবর্তিত রাখবে এবং আগামী অন্তত ২০২৯ সাল পর্যন্ত সেখানকার কোনো কর্মী ছাঁটাই না করার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি, আগামী পাঁচ বছরে জার্মানিতে অতিরিক্ত ২০০ কোটি ইউরো বিনিয়োগ করার পরিকল্পনার কথাও উবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে ডেলিভারি হিরোর অত্যন্ত সফল ব্রোন্ড ‘তালাবাত’ ও সৌদি আরবের ‘হাঙ্গারস্টেশন’ এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ‘বেমিন’ সরাসরি উবারের নিয়ন্ত্রণে চলে যাবে। 

সাম্প্রতিক সময়ে ফুড ডেলিভারি বাজারের এই ব্যাপক একত্রীকরণ বা মার্জারের হিড়িক মূলত এআই-এর প্রসার এবং প্রযুক্তির রূপান্তরের সাথে খাপ খাইয়ে নিজেদের ব্যবসাকে আরও বড় ও লাভজনক করার বৈশ্বিক প্রতিযোগিতাকেই আরও একবার সামনে নিয়ে এসেছে।  

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: রয়টার্স