১০০ কোটি ডলারে গ্যাস টারবাইন কোম্পানি কিনলেন ইলন মাস্ক

১০০ কোটি ডলারে গ্যাস টারবাইন কোম্পানি কিনলেন ইলন মাস্ক
১৬ জুলাই, ২০২৬ ১৪:৫০  

পরিবেশবান্ধব ও টেকসই শক্তির অন্যতম প্রবক্তা ইলন মাস্ক এবার পা রাখলেন জীবাশ্ম জ্বালানির ব্যবসায়। চলতি বছরের শুরুর দিকে তিনি নীরবে কিনে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যাকসনভিল-ভিত্তিক মোবাইল বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এপিআর এনার্জি’। ট্রেইলারে স্থাপনযোগ্য বহনযোগ্য গ্যাস ও ডিজেল টারবাইন তৈরির জন্য পরিচিত এই কোম্পানিটিকে মে মাসে কোনো রকম শোরগোল ছাড়াই অধিগ্রহণ করেন মাস্ক। 

সম্প্রতি মার্কিন ফেডারেল ট্রেড কমিশন এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ফাইলিং বিশ্লেষণ করে সংবাদমাধ্যম ‘ইলেকট্রেক’ এই চুক্তির খবর সামনে এনেছে, যার আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি মার্কিন ডলার।

উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রশিক্ষণ এবং চ্যাটজিপিটি বা গ্রোক-এর মতো চ্যাটবট পরিচালনার জন্য এখন প্রয়োজন হচ্ছে নজিরবিহীন বিদ্যুৎ শক্তি। বিশাল সব এআই ডেটা সেন্টারে হাজার হাজার শক্তিশালী এনভিডিয়া জিপিইউ দিনরাত সচল রাখতে গ্রিডের সাধারণ বিদ্যুৎ সরবরাহ যথেষ্ট হচ্ছে না। এই চরম বিদ্যুৎ ঘাটতি মেটাতেই মাস্ক এপিআর এনার্জিকে সরাসরি নিজের পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করবেন বলে ধারণা করা হচ্ছে। 

এপিআর এনার্জির টারবাইনগুলোর বড় সুবিধা হলো এগুলো মাত্র ৩০ দিনের মধ্যে যেকোনো স্থানে বসিয়ে ১ গিগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারে, যেখানে প্রচলিত পাওয়ার প্ল্যান্ট স্থাপন বা গ্রিড কানেকশন পেতে কয়েক বছর পর্যন্ত লেগে যায়। ইতিমধ্যেই মিসিসিপির সাউথহেভেনে মাস্কের ‘এক্সএআই’ ডেটা সেন্টারে এই ধরণের মোবাইল টারবাইন ব্যবহার করা হচ্ছে। এছাড়া মেমফিসের 'কলোসাস' ও 'কলোসাস ২' সুপারকম্পিউটারগুলো সচল রাখতেও এই গ্যাস টারবাইনগুলো ব্যাকআপ হিসেবে কাজ করবে।

অবশ্য এই গ্যাস টারবাইনগুলোর অতিমাত্রায় ব্যবহারের কারণে ইতিমধ্যেই আইনি বিপাকে পড়েছে মাস্কের এআই স্টার্টআপ। পরিবেশগত ছাড়পত্র ও ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ লঙ্ঘনের অভিযোগে সাউথহেভেনের ডেটা সেন্টারটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে আর্থজাস্টিস ও সাউদার্ন এনভায়রনমেন্টাল ল সেন্টার। তবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই মামলাটি খারিজ করার জন্য জোর তৎপরতা চালাচ্ছে। এর পেছনে মূল কারণ হলো মার্কিন সামরিক বাহিনী তাদের বিভিন্ন প্রতিরক্ষা ও কৌশলগত অপারেশনে এক্সএআই-এর তৈরি ‘গ্রোক’ চ্যাটবট ব্যবহার করতে চায়, যা সচল রাখতে এই ডেটা সেন্টারগুলোর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন।

এক দশক আগেও কয়লা, গ্যাস ও তেলের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহারকে মানব ইতিহাসের "সবচেয়ে বোকা পরীক্ষা" বলে আখ্যায়িত করেছিলেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। নিজের মেগা-প্ল্যানে তিনি বিশ্বকে সম্পূর্ণ সৌর বিদ্যুৎ এবং ব্যাটারি ইকোসিস্টেমে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। তবে এআই খাতের তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতে এবং গ্রিড ইন্টারকানেকশনের দীর্ঘসূত্রতা এড়াতে মাস্ক নিজেই এখন সেই জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর করতে বাধ্য হলেন। বিদ্যুৎ চাহিদা পূরণে টেক্সাসে নিজস্ব প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নির্মাণের পরিকল্পনাও করছে তাঁর প্রতিষ্ঠান। 

সব মিলিয়ে, এআই বিপ্লবের তীব্র গতি মাস্কের মতো নবায়নযোগ্য জ্বালানির সোচ্চার প্রবক্তাকেও শেষ পর্যন্ত গ্যাস টারবাইনের দরজায় এনে দাঁড় করাল।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: এনগ্যাজেট