গুগল সার্চে যুক্ত হলো অডিও ওভারভিউ
গুগল তাদের সার্চ প্ল্যাটফর্মে পরীক্ষামূলকভাবে চালু করেছে "অডিও ওভারভিউ" নামক নতুন একটি ফিচার, যা ব্যবহারকারীদের নির্দিষ্ট অনুসন্ধানে সংক্ষিপ্ত তথ্য শ্রবণের মাধ্যমে গ্রহণের সুযোগ দেবে। শুক্রবার গুগলের এক ঘোষণায় জানানো হয়, এই ফিচারটি জেমিনি এআই মডেল ব্যবহার করে তথ্য উপস্থাপন করবে। খবর টেকক্রাঞ্চ।
গুগল বলেছে, “একটি অডিও ওভারভিউ আপনাকে নির্দিষ্ট বিষয়ে সম্যক ধারণা দিতে পারে—হ্যান্ডসফ্রিভাবে তথ্য গ্রহণের সুবিধা এনে দেবে বিশেষ করে যারা মাল্টিটাস্ক করছেন বা শ্রবণ-ভিত্তিক শেখায় আগ্রহী।”
খবরে বলা হয়, বর্তমানে এই ফিচারটি ‘ল্যাবস’-এ সীমিতভাবে চালু হয়েছে। নির্দিষ্ট সার্চ অনুযায়ী প্রাসঙ্গিক মনে হলে ব্যবহারকারী ‘জেনারেট অডিও ওভারভিউ’ বাটন দেখতে পাবেন। এতে একটি সাদামাটা অডিও প্লেয়ার থাকবে, যাতে প্লে/পজ, ভলিউম ও গতি নিয়ন্ত্রণের অপশন থাকবে।
অডিও ওভারভিউতে তথ্যের উৎস লিংকসহ দেখানো হবে, যাতে আগ্রহীরা আরও বিস্তারিত জানতে পারেন।
এই উদ্যোগ মূলত শ্রবণনির্ভর ব্যবহারকারীদের জন্য তথ্যগ্রহণ আরও সহজ করতে আনা হয়েছে। তবে এ ঘোষণাটি এসেছে এমন এক সময়ে, যখন গুগলের এআই ওভারভিউ ও অন্যান্য এআই ফিচার সংবাদমাধ্যমগুলোর ওয়েব ট্রাফিক হ্রাসে ভূমিকা রাখছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন প্রকাশ পায়।
ডিবিটেক/বিএমটি







