পোস্টাল ব্যালটে নিবন্ধিত সোয়া ১৫ লাখের মধ্যে প্রবাসী সাড়ে ৭ লাখ
প্রথমবারের মতো প্রবাসীসহ বিভিন্ন শ্রেণির ১৫ লাখের বেশি ভোটার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সাড়ে সাত লাখের মতোই প্রবাসী ভোটার।
৫ জানুয়ারি (সোমবার) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় শেষে এই তথ্য জানা গেছে।
রাত পৌনে ১২টায় মোট নিবন্ধিত হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৪৮৩ জন। অনুমোদনের অপেক্ষায় ছিলেন ৫ হাজার ৭১১জন।
নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৭৮ হাজার ৭৬৭ জন, নারী ২ লাখ ৫১ হাজার ৭১৪জন। এরমধ্যে বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬৯ হাজার ৮৫৫ জন।
এবার প্রবাসী , ভোটের দায়িত্বরত সরকারি চাকরিজীবী ও কয়েদিদের এই সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৪৮ হাজার ৪২৪ জন৷ এর মধ্যে সরকারি চাকরিজীবি ৫ লাখ ৭৪ হাজার ৫৮৪ জন এবং কারাবন্দিদের মধ্যে নিবন্ধন করেছেন ৬ হাজার ২৮৩ জন। এছাড়াও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ১ লাখ ৬৯ হাজার ১৪৫জন এবং আনসার ও ভিডিপি ১০ হাজার জন নিবন্ধন করেছেন।
আর প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে সৌদি আরব থেকে ২ লাখ ৩৬ হাজার ৪০১ জন। সবচেয়ে কম নিবন্ধন হয়েছে জিম্বাবুয়ে, কলম্বিয়া, ক্যামেরুন ও নাইজার থেকে। এই চার দেশ থেকে একজন করে প্রবাসী নিবন্ধন করেছেন। মোট ৬০টির মতো দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করেছেন।
ইসির সিদ্ধান্ত অনুযাযী, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন নিবন্ধনকারীরা৷ কেন্দ্রে গিয়ে যারা ভোট দেবেন তাদের চেয়ে অন্তত ২০ দিন আগে ভোট দিতে পারবেন তারা।
নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে ফিরতি খামসহ ব্যালট পেপার পাঠাবে কমিশন। যে ব্যালট পেপারে কোনো প্রার্থী নয়, কেবল প্রতীক থাকবে। এ ছাড়া গণভোটের জন্য থাকবে পৃথক ব্যালট। ভোটাররা ভোট দিয়ে খামে ভরে নিকটস্থ পোস্টবক্স বা পোস্ট অফিসে জমা দিলেই তা সংশ্লিষ্ট ভোটারের আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যাবে। রিটার্নিং কর্মকর্তা ভোটের দিন ভোট গণনা করবেন৷ তবে নির্দিষ্ট সময়ের পরে ব্যালট ফেরত এলে তা বাতিল বলে গণ্য হবে।
এছাড়াও নির্বাচন কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টাল ভোটের কোনো ধরনের পোস্ট বা শেয়ার থেকে বিরত থাকার জন্য ভোটারদের অনুরোধ জানিয়েছে। নির্বাচনে ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা ‘দণ্ডনীয় অপরাধ’, এর জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবার নিবন্ধিত সব দল ও স্বতন্ত্র মিলিয়ে ১১৮টি প্রতীক থাকবে। এছাড়া ‘না’ ভোটের চিহ্ন থাকবে ব্যালটপেপারে।
ডিবিটেক/এসিএম/ইকে







