সেতু বিভাগের সঙ্গে বৈঠকে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা ও সম্ভাব্য অর্থায়ন নিয়ে আলোচনা

বাংলাদেশের যোগাযোগ খাতে বিনিয়োগে আগ্রহী এনডিবি

বাংলাদেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে সম্ভাব্য বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে সেতু বিভাগের সঙ্গে বৈঠক করেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। উভয় পক্ষ ভবিষ্যতে সম্ভাব্য প্রকল্প, অর্থায়নের শর্ত এবং কারিগরি সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।

বাংলাদেশের যোগাযোগ খাতে বিনিয়োগে আগ্রহী এনডিবি
১৪ জুলাই, ২০২৬ ১৭:২২  

বাংলাদেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে সম্ভাব্য বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা এবং নতুন প্রকল্পে অর্থায়নের সুযোগ নিয়ে সেতু বিভাগের সঙ্গে বৈঠক করেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। বৈঠকে ভবিষ্যৎ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং কারিগরি পর্যায়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

১৪ জুলাই, মঙ্গলবার, সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এনডিবির ভারতীয় আঞ্চলিক কার্যালয়ের মহাপরিচালক ড. ডি. জে. পাণ্ডিয়ান। তার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

বৈঠকের শুরুতে সেতু বিভাগের সচিব প্রতিনিধি দলকে বাংলাদেশের চলমান অবকাঠামো উন্নয়নের অগ্রগতি তুলে ধরেন। তিনি পদ্মা সেতু, যমুনা সেতু এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা এবং এসব প্রকল্পের অর্থনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশের অগ্রাধিকারভিত্তিক যোগাযোগ অবকাঠামো প্রকল্প, সম্ভাব্য আন্তর্জাতিক অর্থায়ন এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়। সেতু বিভাগের সচিব বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করতে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সম্ভাব্য ঋণের ক্ষেত্রে সহনীয় শর্ত নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

এনডিবির মহাপরিচালক ড. ডি. জে. পাণ্ডিয়ান বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলোর একটি হিসেবে বাংলাদেশের যোগাযোগ খাতে এনডিবি অংশীদার হতে আগ্রহী। সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্র ও প্রকল্পগুলোর সম্ভাব্যতা মূল্যায়নের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে এনডিবির অর্থায়নে সম্ভাব্য প্রকল্প নিয়ে প্রযুক্তিগত ও কারিগরি পর্যায়ে আরও বিস্তারিত আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়। পাশাপাশি ঋণের শর্তাবলি, অর্থায়নের কাঠামো এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র সম্পর্কে লিখিত প্রস্তাব বিনিময়ের বিষয়েও আলোচনা হয়। সেতু বিভাগের পক্ষ থেকে এ প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
//ডিবিটেক/এনডি/ইডি//