এসইবিএলের সঙ্গে নতুন যাত্রায় স্যামসাং, উন্মোচন হলো সাশ্রয়ী ৫জি স্মার্টফোন

এসইবিএলের সঙ্গে নতুন যাত্রায় স্যামসাং, উন্মোচন হলো সাশ্রয়ী ৫জি স্মার্টফোন
২৭ এপ্রিল, ২০২৬ ১৬:৩৫  

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন দিগন্ত উন্মোচনে বিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং এবং দেশের অন্যতম শীর্ষ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান এসইবিএল (ডিএক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান) একসঙ্গে পথচলা শুরু করেছে। 

২৭  এপ্রিল, সোমবার জানাযায়, রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘পার্টনার মিট’ অনুষ্ঠানে স্যামসাংয়ের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে এসইবিএল ডিস্ট্রিবিউশন লিমিটেডের নাম ঘোষণা করা হয়। একই অনুষ্ঠানে বাংলাদেশে স্যামসাংয়ের সবচেয়ে সাশ্রয়ী ৫জি স্মার্টফোন ‘গ্যালাক্সি এম০৬’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিএক্স গ্রুপের ব্যবসায়িক অংশীদার এবং দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্যামসাংয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এমএক্স বিজনেস এক্সপ্যাট ডংহি রি, ডিরেক্টর ও হেড অব বিজনেস মাসুদুল হক ভুঁইয়া, জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম, ম্যানেজার এসএম পারভেজ ইমরান এবং শাহ মোহাম্মদ হামীম।

ডিএক্স গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ডি.এম. মজিবর রহমান, প্রতিষ্ঠাতা ও সিইও দেওয়ান কানন, ডিরেক্টর অপারেশন লিটন বিশ্বাস, ডিরেক্টর অব সেলস মুজাহিদুল ইসলাম, লে. কর্নেল সায়েদিস সাকলাইন পিএসসি (অব.), চিফ ম্যানুফ্যাকচারিং ও প্রডাক্ট অফিসার ইঞ্জিনিয়ার আরিফুর রহমান এবং চিফ ফিন্যান্স অফিসার নুরনবি ভুঁইয়া।

বিগত কয়েক বছরে স্মার্টফোন বাজারে ওঠানামা থাকলেও ২০২৪ সাল থেকে বাজারে ইতিবাচক পরিবর্তনের ধারায় ৫জি স্মার্টফোনের চাহিদা দ্রুত বেড়েছে। এআই প্রযুক্তি, উচ্চগতির ইন্টারনেট এবং অনলাইন গেমিংয়ের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখেই বাজারে আনা হয়েছে গ্যালাক্সি এম০৬ (৫জি)।

নতুন এই স্মার্টফোনে রয়েছে ৮০০ নিটস সুপার ব্রাইট ডিসপ্লে, যা তীব্র সূর্যালোকেও পরিষ্কারভাবে স্ক্রিন দেখার সুবিধা দেবে। ক্যামেরা সেটআপে রয়েছে ৫০+২ মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে থাকা শক্তিশালী ৫জি চিপসেটের মাধ্যমে দ্রুতগতির ডাউনলোড, বাফারিংমুক্ত ৪কে ভিডিও স্ট্রিমিং এবং ল্যাগ-ফ্রি অনলাইন গেমিংয়ের অভিজ্ঞতা পাওয়া যাবে। এছাড়া ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধায় অল্প সময়েই ফোনটি চার্জ করা সম্ভব হবে।

স্যামসাং ইলেকট্রনিক্সের ডিরেক্টর ও হেড অব বিজনেস মাসুদুল হক ভুঁইয়া বলেন, স্যামসাং সবসময় গ্রাহকদের অভিজ্ঞতাকে প্রাধান্য দেয়। এসইবিএলের বিস্তৃত ডিস্ট্রিবিউশন সক্ষমতা সেই লক্ষ্য অর্জনে নতুন মাত্রা যোগ করবে। এই অংশীদারিত্ব বাংলাদেশের স্মার্টফোন শিল্পে একটি অনুপ্রেরণাদায়ক মাইলফলক তৈরি করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, স্যামসাংয়ের বিশ্বমানের প্রযুক্তি এবং ডিএক্স গ্রুপের দক্ষ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সমন্বয়ে দেশের গ্রাহকেরা আরও উন্নত সেবা পাবেন। সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ৫জি প্রযুক্তির স্মার্টফোন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।

স্যামসাং ও ডিএক্স গ্রুপ আশা করছে, এই নতুন অংশীদারিত্ব বাংলাদেশের ডিজিটাল রূপান্তরকে আরও ত্বরান্বিত করবে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দেশব্যাপী গ্যালাক্সি এম০৬ (৫জি) বাজারে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

ডিবিটেক/এফএ/ইকে