ডব্লিউএমআই ২০২৬-এ বাংলাদেশের ২৭ আন্তর্জাতিক পুরস্কার

জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় দুই ডায়মন্ড, দুই স্বর্ণসহ শতভাগ সাফল্য বাংলাদেশের

জাপানের চিবা শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ম্যাথেমেটিক্স ইনভাইটেশনাল (ডব্লিউএমআই) ২০২৬-এ অংশ নেওয়া বাংলাদেশের ২৭ সদস্যের দল আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। দলটি দুইটি ডায়মন্ড, দুইটি স্বর্ণ, ছয়টি রৌপ্য, ১৪টি ব্রোঞ্জ এবং তিনটি মেরিট পুরস্কার লাভ করে।

জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় দুই ডায়মন্ড, দুই স্বর্ণসহ শতভাগ সাফল্য বাংলাদেশের
১৩ জুলাই, ২০২৬ ২১:২২  

জাপানের চিবা শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ম্যাথেমেটিক্স ইনভাইটেশনাল (ডব্লিউএমআই) ২০২৬-এ বাংলাদেশের ২৭ সদস্যের জাতীয় দল আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী কোনো না কোনো বিভাগে পুরস্কার পেয়েছেন। 

৩০টিরও বেশি দেশের প্রায় ২ হাজার ৩০০ প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের দল দুইটি ডায়মন্ড, দুইটি স্বর্ণ, ছয়টি রৌপ্য, ১৪টি ব্রোঞ্জ এবং তিনটি মেরিট পুরস্কার অর্জন করে।

বিশেষ অর্জনের মধ্যে আহবাব জুলকিফল জাহিন ডায়মন্ড পুরস্কার লাভ করেন। জিৎ বালা ডায়মন্ড পুরস্কারের পাশাপাশি নিজ গ্রেডে দ্বিতীয় স্থান অর্জন করেন। সাজিদুল হক স্বর্ণপদকের পাশাপাশি বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার হিসেবে স্টার অব দ্য ওয়ার্ল্ড সম্মাননা পান। রাহিদ আজাদ অহন স্বর্ণপদক অর্জন করেন।

বাংলাদেশ দলের প্রশিক্ষণ, প্রস্তুতি ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সমন্বয় করে শিক্ষাবিষয়ক সংগঠন বাংলার ম্যাথ।

১৩ জুলাই, মঙ্গলবার সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা আহমেদ শাহরিয়ার বলেন, তাদের লক্ষ্য শুধু পদক অর্জন নয়, যুক্তিনির্ভর চিন্তা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানে দক্ষ নতুন প্রজন্ম গড়ে তোলা।

বাংলাদেশ দলের কোচ ও সহ-প্রতিষ্ঠাতা মো. আশরাফুল আল শাকুর বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের অনুশীলন, অভিভাবকদের সহযোগিতা এবং প্রশিক্ষকদের প্রচেষ্টার ফল হিসেবে এ অর্জন এসেছে।

আরেক সহ-প্রতিষ্ঠাতা ও কোচ এস এম মাহতাব হোসাইন বলেন, দীর্ঘ ভ্রমণ ও ভিন্ন পরিবেশের মধ্যেও শিক্ষার্থীরা প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে।

বাংলাদেশ দল নির্বাচনের জন্য ২০২৬ সালে বাংলার ম্যাথ এক্সিলেন্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধাপ শেষে টিম সিলেকশন টেস্টের মাধ্যমে ২৭ সদস্যের জাতীয় দল নির্বাচন করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সার্বিক দায়িত্ব পালন করে বাংলার ম্যাথ। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি ক্যাম্পাস এবং টিম সিলেকশন টেস্টের ভেন্যু পার্টনার ছিল এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়।
//ডিবিটেক/এফবিপি/এসআই//