আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়েছিলেন তদন্ত কর্মকর্তা

অনলাইন জুয়ার পেমেন্ট গেটওয়ে চালানোর অভিযোগে দুজন রিমান্ডে

অনলাইন জুয়ার বিভিন্ন ওয়েবসাইটে অর্থ লেনদেনের জন্য পেমেন্ট গেটওয়ে পরিচালনার অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তিকে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রাজধানীর দোলাইরপাড় ও গুলশান এলাকা থেকে গ্রেফতার হওয়া আমিনুর ইসলাম ও সাকিব হোসেনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর অধীনে রমনা থানায় মামলা হয়েছে।

অনলাইন জুয়ার পেমেন্ট গেটওয়ে চালানোর অভিযোগে দুজন রিমান্ডে
১৩ জুলাই, ২০২৬ ১০:৩৮  

অনলাইন জুয়ার বিভিন্ন ওয়েবসাইটে অর্থ লেনদেনের জন্য পেমেন্ট গেটওয়ে পরিচালনার অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তিকে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। দুই আসামি হলেন মো. আমিনুর ইসলাম (৩৭) ও মো. সাকিব হোসেন (২৮)।

১৩ জুলাই, সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম গতকাল রোববার (১২ জুলাই) শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ১১ জুলাই রাজধানীর দোলাইরপাড় এলাকা থেকে আমিনুর ইসলামকে গ্রেফতার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয় সাকিব হোসেনকে। এরপর তাঁদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত আমিনুর ইসলামের তিন দিনের এবং সাকিব হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আটক দুই ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর অধীনে রাজধানীর রমনা থানায় একটি মামলা করা হয়েছে। মামলাটি করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আমির হামজা। তদন্তের দায়িত্বে রয়েছেন একই বিভাগের এসআই জাকির হোসেন।

আদালতে দুই আসামিকে হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

তদন্তসংশ্লিষ্টদের দাবি, জিজ্ঞাসাবাদে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট অর্থ লেনদেন, ব্যবহৃত পেমেন্ট গেটওয়ে এবং এই কার্যক্রমের সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রিমান্ডে নিয়ে তাঁদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

//ডিবিটেক/জেএনএন/ইডি//