বিশ্বকাপের উন্মাদনায় দেশজুড়ে চার ক্যারাভ্যানে চলবে ব্যতিক্রমী প্রতিযোগিতা
ফুঁ দিয়ে ফুটবল! আকিজ পাইপস আনল অভিনব ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’
চলমান ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য এক অভিনব উদ্যোগ নিয়ে এসেছে আকিজ গ্রুপের ব্র্যান্ড আকিজ পাইপস। পায়ের বদলে মুখের ফুঁ দিয়ে বল নিয়ন্ত্রণের এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যে কেউ। চারটি ব্র্যান্ডেড ক্যারাভ্যান ঘুরবে দেশের বিভিন্ন বিভাগ ও জেলায়, সঙ্গে থাকবে বিনোদন ও পুরস্কারের ব্যবস্থা।
দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড আকিজ পাইপস সারা দেশের ফুটবলপ্রেমীদের জন্য নিয়ে এসেছে এক অভিনব ও রোমাঞ্চকর উদ্যোগ ‘আকিজ পাইপস ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’।
১২ জুলাই, রবিবার সকালে রাজধানীর আকিজ হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ব্যতিক্রমী উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। চলমান ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের আবেগ ও উচ্ছ্বাস উদযাপনের লক্ষ্যেই ব্র্যান্ডটি দেশব্যাপী এই ভিন্নধর্মী আয়োজন শুরু করতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রতিযোগিতার সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অভিনব নিয়ম। সাধারণ ফুটবল পায়ের কৌশলে খেলা হলেও, ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপে’ বল নিয়ন্ত্রণ করতে হবে মুখের ফুঁ দিয়ে। আকিজ পাইপস দিয়ে তৈরি বিশেষ গেমিং মঞ্চে প্রতিযোগীরা পাইপের ভেতর ফুঁ দিয়ে, নিখুঁত নিয়ন্ত্রণ ও কৌশলের মাধ্যমে বলকে প্রতিপক্ষের গোলপোস্টে পাঠানোর লড়াই করবেন। খেলার এই সহজ ও মজার নিয়মের কারণে যে কোনো সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিতে পারবেন।
উদ্যোগটির অংশ হিসেবে আকিজ পাইপসের চারটি সুসজ্জিত ব্র্যান্ডেড ক্যারাভ্যান দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় ঘুরে বেড়াবে। খেলার পাশাপাশি মাঠে আসা দর্শকদের জন্য থাকবে বৈচিত্র্যময় বিনোদন, নানা কার্যক্রম এবং আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা।
উদ্যোগের উদ্দেশ্য সম্পর্কে আকিজ পাইপসের প্রধান পরিচালন কর্মকর্তা পরিতোষ চন্দ্র মিত্র বলেন, “আকিজ পাইপস সবসময় উদ্ভাবন ও গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়। ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ আমাদের সেই সৃজনশীল ভাবনারই একটি প্রতিফলন। এর মাধ্যমে একটি সাধারণ পণ্যকে আমরা আনন্দ ও উৎসবের এক অসাধারণ অভিজ্ঞতায় রূপ দিয়েছি, যা ফুটবলপ্রেমীদের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে।”
আকিজ গ্রুপের ব্র্যান্ড বিভাগের প্রধান মো. ছাকিবুল শাহিন বলেন, “এটি কেবল একটি ব্র্যান্ড উদ্যোগ নয়, বরং বাংলাদেশের কোটি ফুটবল ভক্তের প্রতি আমাদের সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ। বিশ্বকাপের উন্মাদনা আরও কাছ থেকে উপভোগ করার সুযোগ দিতেই আমরা এমন আয়োজন করেছি। ক্যারাভ্যানের মাধ্যমে আমরা দেশের প্রতিটি প্রান্তে এই নতুন অভিজ্ঞতা পৌঁছে দিতে চাই, কারণ একটি শক্তিশালী ব্র্যান্ড মানুষের আবেগ ও সুন্দর অভিজ্ঞতার সঙ্গেই বেড়ে ওঠে।”
আয়োজকদের প্রত্যাশা, এই ব্যতিক্রমী প্রতিযোগিতা বিশ্বকাপকালীন উৎসবের আমেজে নতুন মাত্রা যোগ করবে এবং দেশের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।
//ডিবিটেক/আরআই/ইডি//





