বন্ধ হচ্ছে স্যামসাং গ্যালারির সাথে ওয়ানড্রাইভের সিঙ্ক সুবিধা, বিকল্প কী?
যারা দীর্ঘদিন ধরে স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহার করছেন, তারা নিশ্চয়ই ফোনের স্ক্রিনে ছবি ও ভিডিও মাইক্রোসফট ওয়ানড্রাইভ-এ ব্যাকআপ করার পপ-আপ বা নোটিফিকেশন দেখে অভ্যস্ত। আধুনিক প্রযুক্তি বিশ্বে স্যামসাংয়ের অবস্থানটি বেশ অনন্য—তাদের স্মার্টফোনগুলো গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চললেও, তাদের ল্যাপটপ বা পিসিগুলো চলে উইন্ডোজ-এ। ফলে গুগল ও মাইক্রোসফট উভয়ের সাথেই স্যামসাংয়ের গভীর সম্পর্ক রয়েছে। তবে ওয়ানড্রাইভের সাথে স্যামসাং গ্যালারির সেই দীর্ঘদিনের চমৎকার ইন্টিগ্রেশন বা মেলবন্ধন এবার ভাঙতে চলেছে।
গ্যালাক্সি ইকোসিস্টেমে স্যামসাং গ্যালারি অ্যাপের মাধ্যমে ওয়ানড্রাইভ ব্যাকআপ সুবিধাটি মূলত গুগল ফটোজ-এর একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করত। বিশেষ করে যারা গুগলের ইকোসিস্টেমে নিজেদের সম্পূর্ণ লকডাউন করতে চান না, তাদের জন্য এটি ছিল দারুণ।
এছাড়া স্যামসাং গ্যালারি অ্যাপের নিজস্ব কিছু চমত্কার ফিচার সরাসরি গ্যালাক্সি ফোনের ক্যামেরা অ্যাপের সাথে যুক্ত থাকে এবং উইন্ডোজ ১১ পিসির সাথে এই ছবিগুলো খুব সহজেই স্বয়ংক্রিয়ভাবে সিঙ্ক হয়ে যেত।
তবে স্যামসাং এবং মাইক্রোসফট তাদের এই ক্লাউড স্টোরেজ পার্টনারশিপের ইতি টানতে যাচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসের শেষে স্যামসাং গ্যালারি এবং মাইক্রোসফট ওয়ানড্রাইভের এই ডিরেক্ট সিঙ্ক সুবিধাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। অবশ্য ব্যবহারকারীদের সুবিধার্থে স্যামসাং ইতিমধ্যে ফোনে বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো শুরু করেছে, যাতে গ্রাহকেরা বিকল্প ব্যাকআপ ব্যবস্থা নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পান।
আগামী ১ অক্টোবর থেকে যা যা পরিবর্তন হবে:
গত মে মাসের মাঝামাঝি সময়ে মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়েছিল যে, ১ অক্টোবর থেকে স্যামসাং গ্যালারি আর "সরাসরি ওয়ানড্রাইভে সিঙ্ক হবে না" এবং ব্যবহারকারীরা এই দুটি অ্যাকাউন্ট আর লিঙ্ক বা যুক্ত করতে পারবেন না।
গ্যালারি অ্যাপে প্রভাব: এই সময়সীমা পার হওয়ার পর ওয়ানড্রাইভে সংরক্ষিত ছবিগুলো আর আপনার স্যামসাং ফোনের গ্যালারি অ্যাপে সরাসরি প্রদর্শিত হবে না।
স্মার্ট অ্যাপ্লায়েন্স: ওয়ানড্রাইভ সিঙ্কের ওপর নির্ভরশীল কোনো ফিচার বা ছবি স্যামসাং স্মার্ট টিভি কিংবা স্যামসাংয়ের অন্যান্য স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সে আর দেখা যাবে না।
ছবি সুরক্ষিত থাকবে: তবে ওয়ানড্রাইভ ক্লাউডে থাকা আপনার আগের ছবিগুলো মুছে যাবে না। ওয়ানড্রাইভ অ্যাপ বা ওয়েবসাইট থেকে সেগুলো ঠিকই অ্যাক্সেস করা যাবে এবং চাইলে ফোনে পুনরায় ডাউনলোড করা যাবে। এছাড়া সেবাটি বন্ধ হওয়ার আগেই স্যামসাং গ্যালারির ‘Download Originals’ অপশন ব্যবহার করে ক্লাউডের ছবিগুলো ফোনের লোকাল স্টোরেজে ফিরিয়ে আনা সম্ভব।
প্রযুক্তি বিষয়ক পোর্টাল অ্যান্ড্রয়েড অথরিটির তথ্যমতে, স্যামসাং ইতিমধ্যেই নতুন ব্যবহারকারীদের জন্য ওয়ানড্রাইভ সাপোর্ট বন্ধ করা শুরু করেছে। গ্যালারি অ্যাপের নতুন আপডেটে যারা আগে কখনও ওয়ানড্রাইভ সিঙ্ক চালু করেননি, তাদের জন্য এই অপশনটি চিরতরে সরিয়ে নেওয়া হয়েছে।
চলতি মাসের শেষের দিকে লন্ডনে অনুষ্ঠিতব্য ‘স্যামসাং আনপ্যাকড’ ইভেন্টে যে নতুন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড৮ এবং ফ্লিপ৮ ডিভাইসগুলো উন্মোচন করা হবে, সেগুলোতে শুরু থেকেই এই ফিচারটি অনুপস্থিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
তবুও যেভাবে ওয়ানড্রাইভে ব্যাকআপ রাখা সম্ভব:
স্যামসাং গ্যালারির সাথে ডিরেক্ট সিঙ্ক বন্ধ হলেও গ্যালাক্সি ব্যবহারকারীরা চাইলে এখনও ওয়ানড্রাইভ ক্লাউড ব্যবহার করতে পারবেন। তবে সেটা স্যামসাংয়ের গ্যালারি অ্যাপের ভেতর থেকে করা যাবে না। এর জন্য:
১. গুগল প্লে স্টোর থেকে অফিশিয়াল মাইক্রোসফট ওয়ানড্রাইভ অ্যাপটি ডাউনলোড করতে হবে।
২. অ্যাপে নিজের মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করতে হবে।
৩. অ্যাপের ‘Account Profile’ সেকশনে গিয়ে ‘Camera Backup’ অপশনটি চালু করে প্রয়োজনীয় পারমিশন দিলেই আগের মতো ছবি-ভিডিও ওয়ানড্রাইভে স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ হতে থাকবে।
এছাড়া বিকল্প হিসেবে গুগলের এআই ফিচার সমৃদ্ধ ‘গুগল ফটোজ’, ড্রপবক্স কিংবা অ্যামাজন ফটো ব্যাকআপ ব্যবহার করা যেতে পারে। আর যারা করপোরেট ক্লাউড কোম্পানির প্রাইভেসি পলিসি নিয়ে চিন্তিত এবং নিজেদের ডেটার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চান, তারা চাইলে ‘ইমিচ’-এর মতো ওপেন-সোর্স গুগল ফটোজ ক্লোন কিংবা ‘নেক্সটক্লাউড’-এর মতো সেলফ-হোস্টেড ক্লাউড সমাধান ব্যবহার করতে পারেন। তবে এর জন্য নিজস্ব হার্ডওয়্যার যেমন- ন্যাস বা হোম সার্ভার সেটআপ করার প্রয়োজন পড়বে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





