মেডিকেল সল্যুশন, রোবটিক্স ও কাস্টমার গাইডে দারুণ উদ্ভাবন

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের তৈরি ১৩০ এআই এজেন্টের প্রদর্শনী

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের তৈরি ১৩০ এআই এজেন্টের প্রদর্শনী
১১ জুলাই, ২০২৬ ১২:০৯  

  • ​ড্যাফোডিল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের তৈরি ১৩০টি এআই এজেন্টের প্রদর্শনী অনুষ্ঠিত।
  • ​চর্মরোগ বিশেষজ্ঞের সংকট দূর করতে কাজ করবে এআই ভিত্তিক 'স্কিন এক্স'।
  • ​ক্যানসার ও প্যারালাইসিস রোগীদের সহায়তায় এসেছে সেলফ লার্নিং 'অ্যাসিসটিভ রোবটিক হ্যান্ড'।
  • ​কাস্টমারদের মুখাবয়ব স্ক্যান করে প্রসাধনী সাজেস্ট করবে এআই ভিত্তিক 'কিউআর এআরজি গোল্ডেনবিউটি'।
  • ​ল্যাব উদ্বোধনের আগে শিক্ষার্থীদের এই উদ্ভাবনগুলো ঘুরে দেখেন প্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রী ফকির মাহবুব আনাম।

​দক্ষিণ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্যসেবা খাতে চর্মরোগ বিশেষজ্ঞ বা ডার্মাটোলজিস্টের তীব্র সংকট রয়েছে, যেখানে প্রতি এক লাখের বেশি মানুষের বিপরীতে মাত্র একজন চর্মরোগ বিশেষজ্ঞ কাজ করেন। চিকিৎসাক্ষেত্রের এই বড় অভাব দূর করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিশেষ হেলথটেক সল্যুশন ‘স্কিন এক্স’ (Skin X)। এটি এআই প্রযুক্তির মাধ্যমে চর্মরোগের প্রাথমিক নির্ণয় ও পরামর্শ দিতে সক্ষম।

১১ জুলাই (শনিবার) ড্যাফোডিল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাব উদ্বোধনের আগে শিক্ষার্থীদের উদ্ভাবিত এমন ১৩০টি এআই এজেন্টের প্রদর্শনী ঘুরে দেখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

​প্রদর্শনীতে স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান উন্নয়নে আরও বেশ কিছু যুগোপযোগী প্রজেক্ট প্রদর্শন করা হয়। এর মধ্যে প্যারালাইসিস বা শারীরিক প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে একটি উন্নত ‘অ্যাসিসটিভ রোবটিক হ্যান্ড’। এই রোবটিক হাতটিতে থাকা ক্যামেরার মাধ্যমে সেলফ লার্নিং এআই এজেন্ট স্বয়ংক্রিয়ভাবে পরিবেশ ও পরিস্থিতি বিশ্লেষণ করে ব্যবহারকারীকে দৈনন্দিন কাজ করতে সাহায্য করবে।

​পাশাপাশি, ব্যবসা ও কাস্টমার সার্ভিসের জন্য আইওটি (IoT) ও এআই-এর সমন্বয়ে তৈরি করা হয়েছে ‘কিউআর এআরজি গোল্ডেনবিউটি’ (QR ARG Golden Beauty) নামের একটি প্রজেক্ট। রাসবেরি পাই (Raspberry Pi) মাইক্রোকন্ট্রোলার ও এআই প্রযুক্তির মাধ্যমে এই ডিভাইসটি ক্রেতার মুখাবয়ব বা ফেস স্ক্যান করবে। স্ক্যানিং ডেটা বিশ্লেষণ করে এটি প্রসাধনী ব্যবসায়ীদের গাইড করবে যে কোন ক্রেতার ত্বকের জন্য কোন ধরনের প্রসাধনী উপযুক্ত।

স্থায়ী ক্যাম্পাসের ৪ নম্বর ব্লকেন বিশেষায়িত ল্যাবে শিক্ষার্থীদের তৈরি এসব প্রজেক্টের প্রযুক্তিগত উৎকর্ষের ভূয়সী প্রশংসা করেন পরিদর্শনে আসা বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​//ডিবিটেক/আইএইচ/এমআই//