দ্রুত, সাশ্রয়ী ও নমনীয় ডেলিভারিতে নতুন সুবিধা

পাঠাও পার্সেলে এলো পাঁচ নতুন সেবা

  • পাঁচটি নতুন ডেলিভারি অপশন চালু।
  • সময়, খরচ অনুযায়ী সেবা বেছে নেওয়ার সুযোগ।
  • লজিস্টিকস প্ল্যাটফর্মে রূপান্তরের ঘোষণা।

পাঠাও পার্সেলে এলো পাঁচ নতুন সেবা
১০ জুলাই, ২০২৬ ০০:২১  

দেশের অন্যতম শীর্ষ সুপার অ্যাপ পাঠাও তাদের পার্সেল সেবায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। গ্রাহকদের প্রয়োজন, সময় ও বাজেট অনুযায়ী আরও নমনীয়, দ্রুত এবং সাশ্রয়ী ডেলিভারি নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি পাঁচটি নতুন ডেলিভারি অপশন চালু করেছে।

নতুন সেবাগুলোর মধ্যে রয়েছে ইনস্ট্যান্ট, ৪-ঘণ্টা, সেম-ডে, অ্যানিহোয়্যার এবং হাব ড্রপ। আগে যেখানে একটি নির্দিষ্ট ডেলিভারি মডেলের ওপর নির্ভর করতে হতো, এখন গ্রাহকরা পার্সেলের ধরন ও জরুরিতা অনুযায়ী নিজেদের উপযোগী সেবা নির্বাচন করতে পারবেন।

ইনস্ট্যান্ট সেবার আওতায় শহরের ভেতরে অর্ডারের ১০ মিনিটের মধ্যে পার্সেল সংগ্রহ করে এক ঘণ্টার মধ্যে ডেলিভারি দেওয়া হবে। ৪-ঘণ্টা সেবায় তুলনামূলক কম খরচে চার ঘণ্টার মধ্যে পার্সেল পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে সেম-ডে সেবা একই দিনের মধ্যে সুবিধাজনক সময়ে পার্সেল পৌঁছে দেওয়ার সুযোগ দেবে।

দেশব্যাপী ডেলিভারির জন্য চালু হয়েছে অ্যানিহোয়্যার সেবা। এর মাধ্যমে ঘর বা অফিস থেকে পার্সেল সংগ্রহ করে ১ থেকে ৩ কর্মদিবসের মধ্যে দেশের যেকোনো প্রান্তে পৌঁছে দেওয়া হবে। এছাড়া হাব ড্রপ সেবায় গ্রাহক নিজেই নিকটস্থ পাঠাও হাবে পার্সেল জমা দিতে পারবেন, যা সবচেয়ে সাশ্রয়ী ডেলিভারি বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রাথমিকভাবে ইনস্ট্যান্ট, ৪-ঘণ্টা এবং সেম-ডে সেবা নির্দিষ্ট কিছু এলাকায় চালু হলেও অ্যানিহোয়্যার ও হাব ড্রপ সেবা দেশব্যাপী পাওয়া যাবে।

পাঠাও-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ বলেন, গ্রাহকদের সব সময় সবচেয়ে দ্রুত ডেলিভারি প্রয়োজন হয় না; বরং প্রয়োজন অনুযায়ী সঠিক সময়ের ডেলিভারি বেছে নেওয়ার সুযোগই বেশি গুরুত্বপূর্ণ। নতুন সেবাগুলোর মাধ্যমে পাঠাও পার্সেল একটি একক এক্সপ্রেস ডেলিভারি সেবা থেকে পূর্ণাঙ্গ লজিস্টিকস প্ল্যাটফর্মে রূপ নিয়েছে।

প্রতিষ্ঠানটির মতে, বর্তমানে গ্রাহক ও ক্ষুদ্র উদ্যোক্তারা ডেলিভারির ক্ষেত্রে গতি, খরচ ও সুবিধার মধ্যে ভারসাম্য খুঁজছেন। নতুন সেবাগুলো সেই চাহিদা পূরণের পাশাপাশি দেশের লজিস্টিকস অবকাঠামোকে আরও কার্যকর করবে। বিশেষ করে হাব ড্রপ সেবা পার্সেল পাঠানোর ব্যয় উল্লেখযোগ্যভাবে কমাবে এবং দেশজুড়ে সাশ্রয়ী ডেলিভারি সহজলভ্য করবে।

নতুন ডেলিভারি অপশনগুলো ইতোমধ্যে পাঠাও অ্যাপের সর্বশেষ সংস্করণে যুক্ত হয়েছে। অ্যাপের ‘পার্সেল’ বিভাগ থেকে গ্রাহকরা প্রতিটি সেবার সময় ও খরচ তুলনা করে প্রয়োজন অনুযায়ী ডেলিভারি নির্বাচন করতে পারবেন।

//ডিবিটেক/ সংবাদ/ সম্পাদনা//