হুপের প্রতিদ্বন্দ্বী স্ক্রিনবিহীন ফিটনেস ব্যান্ড আনছে গুগল
স্ক্রিনহীন ফিটনেস ব্যান্ড বাজারে এনে হুপের সঙ্গে প্রতিযোগিতা করতে যাচ্ছে গুগল। এনবিএ তারকা স্টিফেন কারি, যিনি গত বছর গুগলের হেলথ, পিক্সেল ও ক্লাউড পণ্যে পারফরম্যান্স অ্যাডভাইজর হিসেবে অংশীদারত্ব চুক্তি করেছেন, তিনি ফিটনেস ডিভাইসটির ইঙ্গিত দিয়েছেন।
ব্লুমবার্গ নিউজের প্রতিবেদন অনুযায়ী, গুগলের হেলথ ট্র্যাকারটি সাবস্ক্রিপশন সেবার সঙ্গে আসবে এবং এতে এআই-ভিত্তিক ব্যক্তিগত স্বাস্থ্য কোচ থাকবে। হুপের মতো একই ব্রেইডেড ফ্যাব্রিক ও মেটাল ক্ল্যাপ ডিজাইন দেখা যাচ্ছে কারির হাতে।
তবে হুপ ডিভাইসের সঙ্গে সাবস্ক্রিপশন বাধ্যতামূলক করলেও গুগল তাদের ব্যান্ডের জন্যই আলাদা মূল্য নেবে। কিছু স্বাস্থ্য ট্র্যাকিং ফিচার বিনামূল্যে থাকলেও উন্নত মেট্রিক পেতে ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন নিতে হবে।
গুগলের এই ডিভাইসটির সম্ভাব্য নাম ‘ফিটবিট লাইফ’ বা ‘ফিটবিট এলিআইটি’ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের শেষ দিকে এটি বাজারে আসতে পারে। এর মাধ্যমে গুগল অ্যাপলের অ্যাপল ওয়াচ সিরিজ ও হুপের মতো জনপ্রিয় ফিটনেস ডিভাইসের সঙ্গে প্রতিযোগিতায় নামছে।
সম্প্রতি ফিটবিট ব্র্যান্ডের অধীনে গুগল বেশ কয়েকটি ফিটনেস ট্র্যাকার বাজারে এনেছে, কিন্তু স্ক্রিনহীন ডিভাইস নিয়ে এটি প্রথম উদ্যোগ।
ডিবিটেক/বিএমটি । সূত্র



