ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু
ড্রিমলাইনার, অ্যাপ ও ওয়্যারলেস সুবিধায় নতুন ফ্লাইট
ডিজিটাল এভিয়েশন সেবা ও আধুনিক উড়োজাহাজ প্রযুক্তিকে সামনে রেখে আগামী ৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদ রুটে দৈনিক সরাসরি ফ্লাইট চালু করছে সৌদি আরবের নতুন জাতীয় এয়ারলাইন্স রিয়াদ এয়ার। ৯ জুলাই, বৃহস্পতিবার থেকে এ রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। নতুন এই রুট বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগের পাশাপাশি প্রযুক্তিনির্ভর ভ্রমণসেবাও আরও সম্প্রসারিত করবে।
এয়ারলাইন্সটির তথ্য অনুযায়ী, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ পরিচালিত হবে। দীর্ঘপাল্লার এই আধুনিক বিমান উন্নত জ্বালানি দক্ষতা, কম কার্বন নিঃসরণ এবং উন্নত যাত্রীসেবার জন্য বিশ্বজুড়ে পরিচিত।
রিয়াদ এয়ার জানিয়েছে, যাত্রীরা অফিশিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন এবং অনুমোদিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কিনতে পারবেন। ডিজিটাল বুকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজে রিজার্ভেশন, ভ্রমণ ব্যবস্থাপনা এবং ফ্লাইট-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
প্রযুক্তিগত সুবিধার দিক থেকে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে বিজনেস এলিট, বিজনেস, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি—এই চারটি কেবিন শ্রেণি থাকবে। পাশাপাশি থাকবে সর্বাধুনিক ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস সংযোগ (Wi-Fi) এবং উন্নত ডিজিটাল যাত্রীসেবা, যা দীর্ঘ যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে।
ফ্লাইট সূচি অনুযায়ী, আরএক্স০৭৬৩ ফ্লাইট রিয়াদ থেকে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ফিরতি আরএক্স০৭৬৪ ফ্লাইট সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে রিয়াদে অবতরণ করবে।
রিয়াদ এয়ারের সম্প্রসারিত নেটওয়ার্ক ও কোডশেয়ার প্রযুক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে সংযুক্ত হওয়া আরও সহজ হবে। ফলে রিয়াদকে একটি ডিজিটাল ট্রানজিট হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও এগিয়ে যাবে।
বিমান চলাচল বিশ্লেষকদের মতে, আধুনিক ড্রিমলাইনার প্রযুক্তি, ডিজিটাল টিকিটিং, মোবাইল অ্যাপভিত্তিক সেবা, অনলাইন চেক-ইন এবং সংযুক্ত ভ্রমণ নেটওয়ার্ক আন্তর্জাতিক যাত্রীদের জন্য আরও দক্ষ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে।
//ডিবিটেক/ বিএসএন / এমআইএস//





