বিনিয়োগকে স্বাগত জানালেন শ্রমমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত
সিলেটে উবারের পথচলা শুরু
সিলেটে আনুষ্ঠানিকভাবে নিজেদের সেবার পরিধি আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং অ্যাপ উবার। এর আগে সিলেটে শুধু উবার মোটো ও রেন্টালস চালু থাকলেও এখন থেকে উবারের পূর্ণাঙ্গ সেবা উপভোগ করতে পারবেন শহরের বাসিন্দা ও পর্যটকেরা। মঙ্গলবার এক ঘোষণার পর বুধবার (৮ জুলাই) থেকেই এই সেবা কার্যকর হয়েছে। এই উদ্বোধনী আয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত এবং সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী উপস্থিত ছিলেন।
দেশের অন্যতম প্রধান পর্যটন ও বাণিজ্যিক নগরী সিলেটে যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ, সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর করতে আনুষ্ঠানিকভাবে নিজেদের সেবার পরিধি বাড়াল শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং অ্যাপ উবার। মঙ্গলবার (৭ জুলাই) উবারের পক্ষ থেকে সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালুর এই ঘোষণা দেওয়া হয়, যা বুধবার (৮ জুলাই) থেকেই কার্যকর হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে উবার জানায়, দ্রুত বর্ধনশীল এবং ব্যবসা ও পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ এই বিভাগীয় শহরে নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থার চাহিদা দিন দিন বাড়ছে। সিলেটে উবারের এই প্রবেশ স্থানীয়দের যাতায়াতকে যেমন গতিশীল করবে, তেমনি চালকদের জন্য ফ্লেক্সিবল বা সুবিধাজনক সময়ে আয়ের সুযোগ তৈরি করে স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখবে। এর আগে সিলেটে শুধু উবার মোটো ও উবার রেন্টালস চালু ছিল।
সিলেটে উবারের এই নতুন পথচলাকে স্বাগত জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, “বাংলাদেশ সরকার এমন সব নতুন প্রযুক্তি ও উদ্যোগকে স্বাগত জানায় যা মানুষের জন্য ভালো কর্মসংস্থান তৈরি করে এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। সিলেটে উবারের এই নতুন পথচলা শহরের যাতায়াত ব্যবস্থাকে উন্নত করবে এবং ব্যবসা ও পর্যটন খাতকে আরও শক্তিশালী করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। কাকতালীয়ভাবে সিলেটে আমেরিকার ২৫০তম বার্ষিকী উদযাপনের দিনে উবারের এই সম্প্রসারণকে একটি দারুণ মাইলফলক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “সিলেটে উবারের এই সেবা চালু হওয়া শহরের ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি একটি বড় আস্থা। আমেরিকান প্রযুক্তি এখানে স্থানীয় মানুষের প্রয়োজন মেটাচ্ছে, বাংলাদেশি চালকদের আয়ের সুযোগ করে দিচ্ছে এবং সাধারণ মানুষকে যাতায়াতের আরও বিকল্প দিচ্ছে।”
উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, “দেশের অন্যতম প্রাণবন্ত এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ শহর সিলেটে আমাদের এই সেবা নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। উবারের কাছে বাংলাদেশ সবসময়ই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। আমরা নিশ্চিত করতে চাই যে এই সেবা সিলেটের মানুষের দৈনন্দিন যাতায়াতের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে।”
উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশে প্রথম কার্যক্রম শুরু করার পর থেকে উবার পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শহর ও বিভাগে নিজেদের সেবার পরিধি বিস্তৃত করে চলেছে। সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালুর এই উদ্যোগ দেশের প্রতিটি প্রান্তে নিরাপদ ও সহজ যাতায়াত ব্যবস্থা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উবারের আরেকটি বড় মাইলফলক।
//ডিবিটেক/ইএইচ/ইকে//





