২১ অক্টোবর চালু হচ্ছে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ
সহজেই নগরবাসীর অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য গামী ২১ অক্টোবর ‘আমাদের চট্টগ্রাম’ নামে নতুন একটি অ্যাপস উদ্বোধন করবে চট্টগ্রাম সিটি করপোরেশন। এ অ্যাপে যে কেউ নালা-নর্দমা, ম্যানহোল ঢাকনা, রাস্তার গর্ত, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা, ডাস্টবিন বা খালের সমস্যা ইত্যাদি সংক্রান্ত ছবি আপলোড করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। ছবিসহ বিস্তারিতভাবে অ্যাপে রিপোর্ট করতে পারবেন।
টাইগারপাসের চসিক কার্যালয়ে ১৩ অক্টোবর, সোমবার অনুষ্ঠিত ‘ডোর টু ডোর’ কার্যক্রম বিষয়ক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি উপস্থিত ছিলেন।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আগামী ২১ অক্টোবর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ডোর টু ডোর প্রকল্পের বিষয়ে মতবিনিময় করা হবে। এ সময় নগরবাসীর অভিযোগ ও পরামর্শ সহজেই গ্রহণের জন্য অনুষ্ঠানে ‘আমাদের চট্টগ্রাম’ নামে নতুন একটি অ্যাপস উদ্বোধন করা হবে। এই অ্যাপের মাধ্যমে আমরা নাগরিক সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে চাই।
‘আমাদের চট্টগ্রাম’ নামে অ্যাপটি সার্বক্ষণিক মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন আমাদের নির্দিষ্ট কিছু কর্মকর্তা। পাশাপাশি আমি নিজেও নাগরিকদের পাঠানো বার্তাগুলো তাৎক্ষণিকভাবে দেখতে পারব। অ্যাপের মাধ্যমে প্রাপ্ত তথ্য সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে এবং প্রয়োজনীয় ওয়েবলিংক বা তথ্যও নাগরিকেরা অ্যাপেই ভিজিট করতে পারবেন’-যোগ করেন তিনি।
অ্যাপ নিয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘অ্যাপটি খুব শিগগিরই গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে উন্মুক্ত করা হবে। এর মাধ্যমে নাগরিক সমস্যা সমাধানে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা করছি।’



