আন্তর্জাতিক উচ্চশিক্ষায় নতুন যাত্রা; অস্ট্রেলিয়ার শিক্ষা সহযোগিতা ও বৈশ্বিক দক্ষতা উন্নয়নে গুরুত্ব

ইউসিবিডির সমাবর্তনে স্বীকৃতি পেলেন ১৭৮ মোনাশ পাথওয়ে শিক্ষার্থী

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের ২০২৬ সালের বার্ষিক সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার ও মোনাশ কলেজ ডিপ্লোমা প্রোগ্রাম সম্পন্ন করা ১৭৮ শিক্ষার্থী সনদ পেয়েছেন। অনুষ্ঠানে বাংলাদেশ-অস্ট্রেলিয়া শিক্ষা সহযোগিতা, আন্তর্জাতিক উচ্চশিক্ষা এবং বৈশ্বিক দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়।

ইউসিবিডির সমাবর্তনে স্বীকৃতি পেলেন ১৭৮ মোনাশ পাথওয়ে শিক্ষার্থী
৮ জুলাই, ২০২৬ ০০:০০  
৯ জুলাই, ২০২৬ ০০:২৫  

মোনাশ ইউনিভার্সিটির আন্তর্জাতিক পাথওয়ে শিক্ষা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা ১৭৮ শিক্ষার্থীকে সনদ প্রদান করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। অনুষ্ঠানে আন্তর্জাতিক উচ্চশিক্ষা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া শিক্ষা সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

রাজধানীর লে মেরিডিয়ান ঢাকায় ৭ জুলাই, মঙ্গলবার অনুষ্ঠিত ইউসিবিডির ২০২৬ সালের বার্ষিক সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা প্রোগ্রাম সম্পন্নকারী ১৭৮ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নিকোলাস ম্যাকলিন। তিনি বলেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে শিক্ষা খাত অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। উচ্চশিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতাকে আরও শক্তিশালী করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ এবং উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়াকে বেছে নেওয়া শিক্ষার্থীদের পাশে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের এক্সিকিউটিভ ডিরেক্টর (পাথওয়ে পার্টনারশিপস) তানিয়া পেরেরা। তিনি বলেন, ইউসিবিডির শিক্ষার্থীরা তাঁদের অধ্যবসায় ও একাডেমিক সক্ষমতার মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে সফল হওয়ার যোগ্যতা প্রমাণ করেছেন।

বাংলাদেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার হিসেবে ইউসিবিডি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাথওয়ে প্রোগ্রাম পরিচালনা করছে। এসব প্রোগ্রাম সম্পন্ন করার পর শিক্ষার্থীরা মোনাশ ইউনিভার্সিটিসহ বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার সুযোগ পান।

মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার প্রোগ্রাম স্নাতক পর্যায়ে ভর্তির ভিত্তি তৈরি করে। অন্যদিকে মোনাশ কলেজ ডিপ্লোমা প্রোগ্রামটি মোনাশ ইউনিভার্সিটির নির্ধারিত স্নাতক ডিগ্রির প্রথম বর্ষের সমমান হওয়ায় শিক্ষার্থীরা সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়ার সুযোগ পান।

অনুষ্ঠানে এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মানাস সিং বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দেশে ভিসানীতি কঠোর হলেও ইউসিবিডির শিক্ষার্থীরা নির্বিঘ্নে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় অগ্রসর হচ্ছেন। আন্তর্জাতিক মানের শিক্ষা ও শক্তিশালী একাডেমিক ভিত্তি শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক সুযোগের নতুন দ্বার উন্মোচন করছে বলেও তিনি উল্লেখ করেন।

//ডিবিটেক/বিআর/ইকে//