বিশ্ব ফিজিওথেরাপি দিবসের বিশেষ আয়োজন

যবিপ্রবিতে সপ্তাহব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা

  • সপ্তাহব্যাপী ফ্রি সেবা উদ্বোধনে একশো রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান
  • সঠিক ব্যায়ামে হৃদরোগ ঝুঁকি কমানো ও স্ট্রোক সচেতনতায় বিশেষ জোর
  • ১৩ সেপ্টেম্বর প্রতিবন্ধী ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হবে আয়োজন

যবিপ্রবিতে সপ্তাহব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা
৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫২  

বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সপ্তাহব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডা. এম. আর. খান মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের উদ্যোগে এ ক্যাম্পের সূচনা হয়। প্রথম দিনেই শতাধিক পক্ষাঘাতগ্রস্ত রোগীকে বিনামূল্যে সেবা ও পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. ইয়ারুল কবীর বলেন, বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের সেবা অত্যন্ত উচ্চমানের। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের মূল প্রতিপাদ্য সামনে রেখে এই বিভাগের শিক্ষা ও সেবামূলক কার্যক্রম আরও এগিয়ে যাবে।

পিটিআর বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সপ্তাহব্যাপী কর্মসূচির রোডম্যাপ ঘোষণা করা হয়। সভাপতি ড. ফিরোজ কবির বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষা, কর্মক্ষমতা ও গতিশীলতা ফিরিয়ে আনতে ফিজিওথেরাপিস্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সঠিক ব্যায়ামের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি হ্রাস, স্ট্রোকের লক্ষণ দ্রুত শনাক্তকরণ এবং স্ট্রোক-পরবর্তী রোগীদের স্বাভাবিক জীবনে ফেরাতে সচেতনতা তৈরিই এবারের মূল লক্ষ্য।

কর্মসূচি অনুযায়ী, ৮ সেপ্টেম্বর নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কেন্দ্রিক প্যানেল আলোচনা, ৯ সেপ্টেম্বর দিবসের বর্ণাঢ্য মূল অনুষ্ঠান, ১০ ও ১২ সেপ্টেম্বর গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্রি ক্যাম্প এবং ১৩ সেপ্টেম্বর প্রতিবন্ধী উন্নয়ন ক্যাম্প পরিদর্শন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
//ডিবিটেক/রিপোর্টার/সহ-সম্পাদক//