বিশ্ব মেডিকেল টেকনোলজিস্ট দিবসে কাউন্সিল গঠনের দাবি বিএমটিএর
মেডিকেল টেকনোলজিস্টদের মর্যাদার দাবি
- আধুনিক চিকিৎসাব্যবস্থায় রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনায় প্রযুক্তি-নির্ভর মেডিকেল টেকনোলজিস্টদের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে
- স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে ২০১৮ সালে টেকনিশিয়ান পদবি পরিবর্তন হলেও এখনো গঠিত হয়নি পেশাগত কাউন্সিল
- ফরাসি সামরিক চিকিৎসক
আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত মেডিকেল টেকনোলজিস্টদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ)। বিশ্ব মেডিকেল টেকনোলজিস্ট দিবস উপলক্ষে মঙ্গলবার (৭ জুলাই) দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা ও জনস্বাস্থ্য সুরক্ষায় ল্যাবরেটরি, রেডিওলজি, ফিজিওথেরাপি, ডেন্টাল ও ফার্মেসিসহ বিভিন্ন স্বাস্থ্যপ্রযুক্তি খাতে কর্মরত টেকনোলজিস্টরা নিরলসভাবে অবদান রেখে চলেছেন।
দিবসটিতে চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্টদের মতো তাদেরও ন্যায্য মর্যাদা, পেশাগত স্বীকৃতি ও ক্যারিয়ার উন্নয়নের পথ সুগম করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বিএমটিএ মহাসচিব মো. শামীম শাহ।
বিশ্বব্যাপী প্রতি বছর ৮ জুলাই দিনটি বেছে নেওয়া হয়েছে ফরাসি সামরিক শল্যচিকিৎসক ডা. ডমিনিক জঁ লারের (Dominique Jean Larrey) জন্মদিনকে ঘিরে, যিনি ১৭৬৬ সালের এই দিনে ফ্রান্সের পিরেনিজ পার্বত্য অঞ্চলে জন্মগ্রহণ করেন। নেপোলিয়ন বোনাপার্টের সেনাবাহিনীতে প্রধান শল্যচিকিৎসক হিসেবে কর্মরত অবস্থায় তিনি প্রথম দ্রুতগতির ‘ফ্লাইং অ্যাম্বুলেন্স’ চালু করেন এবং আহতদের র্যাংক বা জাতীয়তা নয়, বরং আঘাতের তীব্রতা অনুযায়ী চিকিৎসা দেওয়ার যে পদ্ধতি প্রবর্তন করেন, তা-ই আজকের আধুনিক ট্রাইএজ সিস্টেমের ভিত্তি। এই অবদানের জন্য তাকে ‘আধুনিক সামরিক চিকিৎসাশাস্ত্রের জনক’ ও ‘জরুরি চিকিৎসাসেবার জনক’ হিসেবে বিবেচনা করা হয়। এ বছর ৮ জুলাই তার জন্মের ২৬০তম বার্ষিকী।
বিএমটিএ জানায়, স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পর ২০১৮ সালে সরকারি গেজেটের মাধ্যমে টেকনিশিয়ান পদবি বাতিল করে মেডিকেল টেকনোলজিস্ট পদবি চালু করা হয়। তবে ডাক্তার, নার্স ও ফার্মাসিস্টদের মতো পেশাগত কাউন্সিল প্রতিষ্ঠার বারবার আবেদন সত্ত্বেও তা এখনো বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ সংগঠনের। বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জনের পরও পদোন্নতির সুযোগ না থাকার বিষয়টিও তুলে ধরা হয় বাণীতে। সংগঠনটির দাবি, সরকার অ্যালাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নিলেও তা এখনো কার্যকর হয়নি, যা লাখো টেকনোলজিস্টের পেশাগত ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কিত। বর্তমানে ল্যাবরেটরি টেকনোলজি, ডেন্টাল টেকনোলজি, ফিজিওথেরাপি টেকনোলজি, রেডিওলজি টেকনোলজি ও ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিসহ পুরো মেডিকেল টেকনোলজি বিভাগ দেশের চিকিৎসা ব্যবস্থায় রোগ নির্ণয়ে চিকিৎসকদের সহায়তা করে যাচ্ছে। এই প্রেক্ষাপটে দক্ষ মেডিকেল টেকনোলজিস্টদের ডাক্তার-নার্সদের মতো সম্মান ও কাঠামোগত স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য প্রশাসনের কাছে বিএমটিএ।
//ডিবিটেক/বিএমএন/ইকে//





