ভাইব-কোডিং প্ল্যাটফর্ম ‘বাড’ টিমকে কিনে নিল ফিগমা

ভাইব-কোডিং প্ল্যাটফর্ম ‘বাড’ টিমকে কিনে নিল ফিগমা
৮ জুলাই, ২০২৬ ১৯:৩১  

ডিজাইন প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত ফিগমা এখন শুধু ডিজাইনের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে নিজেদের আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ডিজাইনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা এবং কোডিং ও প্রোটোটাইপিংয়ের স্তরকে তাদের মূল ক্যানভাসের আরও কাছাকাছি নিয়ে আসার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। সেই উদ্দেশ্য বাস্তবায়নে ফিগমা জনপ্রিয় ‘ভাইব-কোডিং’ এবং এআই এজেন্ট প্ল্যাটফর্ম ‘বাড’-এর পেছনে থাকা মূল দল বা টিমটিকে অধিগ্রহণ করেছে।

অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করে বাড-এর প্রধান নির্বাহী (সিইও) কেভিন লু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, "আমাদের সময়ের অন্যতম সেরা ও প্রভাবশালী প্রোডাক্ট কোম্পানি ফিগমা, যারা এই নতুন যুগের সুযোগকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারছে। ফিগমা এমন এক জায়গা যেখানে আইডিয়া বা ভাবনার জন্ম হয়, বারবার পরিবর্তন বা ইটারেট করা হয় এবং তা বাস্তবে রূপ নেয়। কাজের এই নতুন এবং রোমাঞ্চকর যুগে আমাদের টিমের জন্য এটিই সবচেয়ে চমৎকার ও স্বাভাবিক ঠিকানা।"

বিখ্যাত স্টার্টআপ ইনকিউবেটর ‘ওয়াই কম্বিনেটর’-এর বিনিয়োগপুষ্ট এই স্টার্টআপটি মূলত একটি ‘ভাইব-কোডিং’ প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করেছিল, যার মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই মোবাইল, ওয়েব, স্ল্যাক কিংবা ব্রাউজারের জন্য বিভিন্ন অ্যাপ তৈরি করতে পারতেন। পরবর্তীতে তারা নিজেদের নাম পরিবর্তন করে ‘বাড’ রাখে এবং একটি শক্তিশালী এআই এজেন্ট প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে, যা ইন্টারনেটে ব্রাউজ করার পাশাপাশি বিভিন্ন অনলাইন সেবা ব্যবহার করতে এবং স্বয়ংক্রিয়ভাবে কোড লিখে কঠিন সব কাজ সম্পন্ন করতে পারত।

তবে এই চুক্তির অংশ হিসেবে, স্টার্টআপটি আগামী ১৮ জুলাইয়ের মধ্যে তাদের ‘বাড’ এবং ‘অরকিডস’ দুটি প্ল্যাটফর্মই সম্পূর্ণ বন্ধ করে দিতে যাচ্ছে। ফলে ব্যবহারকারীদের এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের চলমান প্রজেক্টগুলো অন্য কোথাও সরিয়ে বা মাইগ্রেট করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের শুরুর দিকে একজন নিরাপত্তা গবেষকের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছিল যে, অরকিডস প্ল্যাটফর্মে তৈরি করা অ্যাপগুলো সাইবার হামলার ঝুঁকিতে ছিল।

এই নতুন টিমটিকে ফিগমা ঠিক কী কাজে ব্যবহার করবে তা সুনির্দিষ্টভাবে না জানালেও, তাদের সাম্প্রতিক কিছু প্রোডাক্ট লঞ্চ বা ফিচার যুক্ত করার প্রবণতা থেকে স্পষ্ট যে—কোম্পানিটি এখন ব্যবহারকারীদের শুধু স্ট্যাটিক বা স্থির ধারণার ওপর ডিজাইন করার বদলে সরাসরি কার্যকরী অ্যাপ তৈরি এবং প্রোটোটাইপ করার আরও উন্নত টুল দিতে চায়। গত বছর তারা ওয়েব অ্যাপ তৈরির জন্য ‘ফিগমা মেক’ রিলিজ করেছিল। আর চলতি বছরে তারা কোডেক্স এবং ক্লড কোড-এর মতো শক্তিশালী কোডিং টুলের একীকরণ (ইন্টিগ্রেশন) করার পাশাপাশি নিজস্ব এআই এজেন্টও চালু করেছে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ