জনতা ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, আইডিআরএ, বিএইচবিএফসি ও পিকেএসএফ পেল ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ পুরস্কার

উদ্ভাবনী সেবায় পাঁচ প্রতিষ্ঠানের স্বীকৃতি, পুরস্কার দিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’-এ উদ্ভাবনী সেবার স্বীকৃতি হিসেবে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

উদ্ভাবনী সেবায় পাঁচ প্রতিষ্ঠানের স্বীকৃতি, পুরস্কার দিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
৬ জুলাই, ২০২৬ ১৮:১২  

সেবা সহজীকরণ ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ পাঁচটি ক্যাটাগরিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন পাঁচটি দপ্তর ও সংস্থাকে শ্রেষ্ঠ উদ্ভাবনী প্রতিষ্ঠানের পুরস্কার দেওয়া হয়েছে।

৬ জুলাই, সোমবার সচিবালয়ের অর্থ বিভাগের মাল্টিপারপাস হলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রধানদের হাতে ক্রেস্ট তুলে দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোর ডিজিটাল সেবা, প্রযুক্তিনির্ভর কার্যক্রম এবং সেবার মানোন্নয়নে অবদানের মূল্যায়নের ভিত্তিতে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচটি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য পুরস্কৃত করা হয়।

রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে জনতা ব্যাংক পিএলসি তাদের ‘জনতা-পে (জনতা পেমেন্ট গেটওয়ে)’ সেবার জন্য পুরস্কার অর্জন করে। নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেন নিশ্চিত করায় এ উদ্যোগটি স্বীকৃতি পেয়েছে।

রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে প্রবাসী কল্যাণ ব্যাংক ‘ই-মাইগ্রেশন ঋণ সেবা (ই-মাইগ্রেশন লোন প্রসেসিং সার্ভিস-ইএমএলপিএস)’ চালুর জন্য পুরস্কৃত হয়। অনলাইনে অভিবাসন ঋণের আবেদন ও প্রক্রিয়াকরণ সহজ ও দ্রুত করায় এ উদ্যোগটি নির্বাচিত হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা ক্যাটাগরিতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তাদের ‘ইনস্যুরেন্স মোবাইল অ্যাপ’-এর জন্য পুরস্কার লাভ করে। অ্যাপটির মাধ্যমে গ্রাহকরা বিমাসংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা সহজে গ্রহণ করতে পারছেন।

অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ‘দলিলপত্র ফেরত প্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ’ উদ্যোগের জন্য পুরস্কার পেয়েছে। এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের দলিলপত্র ফেরত দেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর হয়েছে।

অন্যদিকে অন্যান্য প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) তাদের ‘জিআইএস বেইজড সুপারভিশন অ্যান্ড মনিটরিং সিস্টেম’-এর জন্য পুরস্কৃত হয়েছে। জিআইএসভিত্তিক এ তদারকি ও মনিটরিং ব্যবস্থার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ সেবার মানোন্নয়নের পাশাপাশি নাগরিকদের ভোগান্তি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

//ডিবিটেক/জেএন/এমআই//