কাফকো-কে দৈনিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দেবে কেজিডিসিএল

কাফকো-কে দৈনিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দেবে কেজিডিসিএল
৩০ জুলাই, ২০২৫ ১৬:৪৭  
৩০ জুলাই, ২০২৫ ১৭:৪৭  

সার উৎপাদন প্রক্রিয়াকে চলমান রাখতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানী লিমিটেডকে (কাফকো) দৈনিক গড়ে ৫৫ মিলিয়ন ঘনফুট (MMCFD) হারে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল)। এ লক্ষ্যে ৩০ জুলাই, বুধবার রাজধানীর কাওরানবাজারাস্থ পেট্রোবাংলা কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি গ্যাস বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

কেজিডিসিএল-এর পক্ষে কোম্পানির সচিব কবির উদ্দিন আহম্মদ এবং কাফকো'র পক্ষে সিসিও ও কোম্পানি সচিব খাজা সাইদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সম্মানিত সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান, কেজিডিসিএল-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম মঈন উদ্দীন আহম্মেদ, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বিসিআইসি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান এবং কেজিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালকসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, কাফকো এবং পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর শেষে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফেকা)- এর পক্ষে শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান কেজিডিসিএল-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম মঈন উদ্দীন আহম্মেদ এর নিকট বকেয়া গ্যাস বিল বাবদ ৯২৩ কোটি ৮১ লক্ষ ১৮ হাজার ৬১৬ টাকা এবং ডিমান্ড চার্জ বাবদ ৩৪ কোটি ৩৭ লক্ষ ৩৫ হাজার ৮৪৮ টাকার দুটি চেক হস্থান্তর করন। এরপর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. সালাহউদ্দিন পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ রেজানুর রহমান এর নিকট বকেয়া বাবদ ৬৩৪ কোটি ১ লক্ষ ৭৭ হাজার ২৬৫ টাকার চেক হস্থান্তর করবেন।