৩৭ লাখ জনের অনলাইন আবেদনে ঈদের রেল টিকিট পেয়েছেন ৩৬ হাজার যাত্রী

৩৭ লাখ জনের অনলাইন আবেদনে ঈদের রেল টিকিট  পেয়েছেন ৩৬ হাজার যাত্রী
১৩ মার্চ, ২০২৬ ১১:১১  

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ৩ থেকে ৯ মার্চ পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট কিনতে অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট সংগ্রহের চেষ্টা করেছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তবে বাংলাদেশ রেলওয়ের আসন সক্ষমতার ভিত্তিতে টিকিট পেয়েছেন ৩৬ হাজারের কম যাত্রী।

১৩ মার্চ, শুক্রবার ঈদযাত্রার প্রথম দিনে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য দেন মন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা ৩ তারিখ থেকে ১০ দিন আগের টিকিট ধারাবাহিকভাবে অনলাইনে ছেড়েছিলাম। যাত্রীরা অনলাইনে টিকিট সংগ্রহ করেছেন এবং আজ থেকে ঈদযাত্রা শুরু হয়েছে। স্টেশনে এসে দেখলাম এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। অনলাইন টিকিটে ব্যাপক চাপ ছিল; প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কিনতে চেয়েছেন। তবে আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা ৩৬ হাজারের মতো টিকিট বিক্রি করতে পেরেছি।’

রেলপথ মন্ত্রী জানান, এখন পর্যন্ত ২১টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে এবং প্রায় সবগুলোই নির্ধারিত সময়ে ছেড়েছে। মাত্র দুটি ট্রেন ৪০ মিনিটের মতো বিলম্বে ছেড়েছে।

ঈদে রেল সেবার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা খুশি। তবে এই সেবার মান বজায় থাকবে কি না, তা নিয়ে কেউ কেউ শঙ্কা প্রকাশ করেছেন। আমি তাদের আশ্বস্ত করেছি যে রেলের এই সেবার মান যেকোনো মূল্যে অব্যাহত রাখা হবে এবং ভবিষ্যতে তা আরও উন্নত হবে।’

ডিবিটেক/ডিএইচই/ইকে