২০২৭ সালের মধ্যে বহরে যুক্ত হচ্ছে আরও ২১টি উড়োজাহাজ, লক্ষ্য ইউরোপ-আমেরিকা

সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডু রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

  • সফলভাবে ১২ বছর পূর্ণ করে ১৩তম বর্ষে পদার্পণ করেছে দেশীয় এই বেসরকারি বিমান সংস্থাটি
  • ​২০২৮ সালের মধ্যে লন্ডন ও রোম এবং ২০৩০ সালের মধ্যে নিউইয়র্ক, টরন্টো ও সিডনিতে ফ্লাইট চালুর দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ
  • ​দেশীয় এভিয়েশন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচবার ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ সম্মাননা অর্জন করেছে প্রতিষ্ঠানটি

সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডু রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
২০ জুলাই, ২০২৬ ০০:৩০  

২০১৮ সালের দুর্ঘটনার পর দীর্ঘ বিরতি শেষে আগামী সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডু রুটে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। একই সঙ্গে ২০২৭ সালের মধ্যে বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করা এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কক্সবাজারের একটি হোটেলে ১৯ জুলাই, রবিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান। তিনি বলেন, ২০১৮ সালের দুর্ঘটনার পর বন্ধ থাকা কাঠমান্ডু রুটে আগামী সেপ্টেম্বরে আবারও ফ্লাইট পরিচালনা শুরু হবে।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্স সফলভাবে ১২ বছর পূর্ণ করে ১৩তম বর্ষে পদার্পণ করেছে। ২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে একটি ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে ২৫টি উড়োজাহাজ নিয়ে দেশি-বিদেশি ২০টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির বহরে বর্তমানে তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে। যাত্রা শুরুর পর থেকে ৯০ শতাংশের বেশি অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড ধরে রেখেছে বলে দাবি করেছে ইউএস-বাংলা।

বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর ও রাজশাহীতে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিকভাবে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি।

​প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে বহরে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ নেক্সট জেনারেশন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সময়ে কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কলম্বো, জহুরবারু, পেনাং ও হংকংয়ে নতুন রুট চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০২৮ সালের মধ্যে লন্ডন, রোমসহ ইউরোপের বিভিন্ন শহর এবং ২০৩০ সালের মধ্যে নিউইয়র্ক, টরন্টো ও সিডনিতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথাও জানানো হয়। দেশীয় এভিয়েশন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ইউএস-বাংলা ২০১৫, ২০২২, ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ সম্মাননা অর্জন করেছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

​//ডিবিটেক/সিএনআই/এনএন//