বন্ধ হয়ে যাচ্ছে নোশন মেইল

বন্ধ হয়ে যাচ্ছে নোশন মেইল
২৭ জুন, ২০২৬ ২২:২৯  

জনপ্রিয় প্রোডাক্টিভিটি অ্যাপ ‘নোশন’ তাদের নিজস্ব ইমেইল ক্লায়েন্ট পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে ওয়েব, মোবাইল এবং ডেস্কটপসহ সব ধরনের প্ল্যাটফর্মে ‘নোশন মেইল’-এর কার্যক্রম সম্পূর্ণভাবে গুটিয়ে নেওয়া হবে।

ব্যবহারকারীরা যাতে এই পরিবর্তনের ফলে তাদের কোনো জরুরি মেসেজ বা ডেটা না হারান, সেজন্য নোশন ইতিমধ্যেই একটি বিস্তারিত এফএকিউ বা নির্দেশিকা প্রকাশ করেছে। নোশন মেইলে থাকা বেশিরভাগ ইমেইল মূলত মূল জিমেইল ইনবক্সেই সংরক্ষিত থাকবে; তবে ব্যবহারকারীদের তাদের ড্রাফট, শিডিউল করা ইমেইল, মেসেজ স্নিপেট এবং অটো-লেবেল ইন্সট্রাকশনগুলো (ইমেইল ফিল্টার করার নিয়ম) ২২ সেপ্টেম্বরের আগেই ম্যানুয়ালি বা নিজে থেকে এক্সপোর্ট করে নিতে হবে।

ইমেইল থেকে সরছে না নোশন, আসছে এআই এজেন্ট
মেইল ক্লায়েন্ট বন্ধ করলেও নোশন কিন্তু ইমেইল সেবা থেকে সম্পূর্ণ দূরে সরে যাচ্ছে না। বরং তারা তাদের কৌশল পরিবর্তন করে ইনবক্স ম্যানেজমেন্টের জন্য আরও শক্তিশালী ও স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এজেন্টিক এআই’ প্রযুক্তির ওপর জোর দিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে নোশন এই স্ট্র্যাটেজি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে জানায়: “নোশনের এআই এজেন্টগুলো দিন দিন আরও বেশি দক্ষ ও কার্যকর হয়ে উঠছে। আমরা লক্ষ্য করেছি যে, ব্যবহারকারীরা তাদের ইমেইলের কাজের সিংহভাগই এই এআই এজেন্টদের হাতে ছেড়ে দিচ্ছেন। বর্তমানে অর্ধেকেরও বেশি নোশন মেইল ব্যবহারকারী তাদের ইনবক্স সরাসরি না খুলেই কেবল এআই এজেন্টের মাধ্যমে ইমেইল পরিচালনা করছেন। তাই, আমরা এখন থেকে এআই এজেন্টের সাহায্যে আপনার ইনবক্স রান করানোর প্রযুক্তিতে আমাদের সম্পূর্ণ মনোযোগ দিচ্ছি।”

২০২৪ সালে এনক্রিপ্টেড ইমেইল স্টার্টআপ ‘স্কিফ’-কে অধিগ্রহণ করার পর নোশন তাদের ইকোসিস্টেমে এই ইমেইল ক্লায়েন্ট সেবাটি যুক্ত করেছিল। তবে সাধারণ একটি মেইল অ্যাপ হিসেবে টেক্কা দেওয়ার চেয়ে ব্যবহারকারীদের ইমেইল স্বয়ংক্রিয়ভাবে গুছিয়ে দেওয়া, রিপ্লাই ড্রাফট করা বা ইনবক্সের কাজ সহজ করার জন্য এআই এজেন্ট তৈরি করাই এখন নোশনের মূল লক্ষ্য।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: এনগ্যাজেট