পারমাণবিক শক্তির দৌড়ে যুক্ত হলো অ্যামাজন

পারমাণবিক শক্তির দৌড়ে যুক্ত হলো অ্যামাজন
১৪ জুন, ২০২৫ ১৭:০৪  
১৪ জুন, ২০২৫ ১৪:০৫  

বিশাল এডব্লিউএস ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা সার্ভার চালাতে এবার পারমাণবিক বিদ্যুৎকেই ভরসা করল অ্যামাজন। সংস্থাটি পেনসিলভানিয়ার সাসকুহানা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ১.৯২ গিগাওয়াট বিদ্যুৎ ক্রয় করবে, যা চলবে ২০৪২ সাল পর্যন্ত। খবর টেকক্রাঞ্চ।

খবরে বলা হয়, এটি অ্যামাজনের পুরনো একটি চুক্তির সংশোধিত রূপ। আগে তারা বিদ্যুৎকেন্দ্রের পাশে ডেটা সেন্টার নির্মাণ করে সরাসরি বিদ্যুৎ নেওয়ার পরিকল্পনা করেছিল, যা গ্রিড ফি এড়িয়ে যেত। তবে নীতিনির্ধারকদের আপত্তিতে সেই পরিকল্পনা বাতিল হয়। নতুন চুক্তিতে বিদ্যুৎ এখন গ্রিড হয়ে আসবে, ফলে গ্রিড রক্ষণাবেক্ষণের খরচও অন্তর্ভুক্ত থাকবে।

তালেন এনার্জির সঙ্গে অ্যামাজনের নতুন অংশীদারিত্বের অংশ হিসেবে ভবিষ্যতে পেনসিলভানিয়ায় ছোট মডুলার রিয়্যাক্টর (এসএমআর) নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, এর আগে মাইক্রোসফট ও মেটাও পারমাণবিক খাতে বড় বিনিয়োগ ঘোষণা করেছিল। প্রযুক্তি জায়ান্টদের এ উদ্যোগে পারমাণবিক শক্তির নতুন সম্ভাবনা উন্মোচিত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ডিবিটেক/বিএমটি