আগামী শিক্ষাবর্ষ থেকে ভর্তি স্থগিতের আলটিমেটাম; ২২ জুলাইয়ের মধ্যে কারিগরি বোর্ডের কাছে জবাবদিহির নির্দেশ
শিক্ষার্থীশূন্য ৬২১ কারিগরি প্রতিষ্ঠান বন্ধের মুখে! 'ভুতুড়ে' সেশনেও বেতন তুলছেন শিক্ষকরা
দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় দেশের ৬২১টি এসএসসি ও দাখিল পর্যায়ের কারিগরি (ভোকেশনাল) শিক্ষাপ্রতিষ্ঠানকে বন্ধের নোটিশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। শিক্ষার্থী না থাকলেও নিয়মিত সরকারি বেতন-ভাতা তুলছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। আগামী ২২ জুলাই ২০২৬-এর মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে এসব প্রতিষ্ঠানের পাঠদান অনুমতি বাতিল করা হবে।
দেশে কারিগরি শিক্ষার প্রসার ও মানোন্নয়নের লক্ষ্যে সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হলেও একশ্রেণির শিক্ষাপ্রতিষ্ঠানের চরম অবহেলায় তা ভেস্তে যেতে বসেছে। দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার্থী ভর্তি না করায় দেশের ৬২১টি এসএসসি ও দাখিল পর্যায়ের ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান এখন সম্পূর্ণ শিক্ষার্থীশূন্য। অথচ প্রতি মাসেই নিয়ম করে এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করছে সরকার। এই তথাকথিত 'ভুতুড়ে' শিক্ষা কার্যক্রম বন্ধ করতে এবার কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
গত ২৪ জুন ২০২৬ তারিখে বোর্ডের পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) ও সচিব মোঃ আল মাসুদ করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শোকজ নোটিশ পাঠানো হয়। 'বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪'-এর উপবিধি ৪.২, ৪.৪ এবং ৫.৪ অনুযায়ী শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কেন এসব প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিল করা হবে না, তার ব্যাখ্যা আগামী ২২ জুলাই ২০২৬-এর মধ্যে জমা দিতে বলা হয়েছে। অন্যথায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ স্থগিত করা হবে।
বোর্ডের তথ্যমতে, শোকজপ্রাপ্ত মোট ৬২১টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৪৩টি এসএসসি (ভোকেশনাল) এবং ১৭৮টি দাখিল (ভোকেশনাল) স্তরের প্রতিষ্ঠান।
শোকজপ্রাপ্ত প্রতিষ্ঠানের জেলাভিত্তিক আংশিক তালিকা (নমুনা)
বোর্ডের সংযুক্তি তালিকা থেকে প্রধান কয়েকটি জেলার আংশিক সংখ্যা ও প্রতিষ্ঠানের নাম নিচে দেওয়া হলো:
| জেলা (District) | ধরন (Type) | সংখ্যা (Count) | উল্লেখযোগ্য কয়েকটি প্রতিষ্ঠানের নাম |
| পঞ্চগড় | এসএসসি ও দাখিল | ৫টি (আংশিক) | ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট, অটোয়ারী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, দেবীডুবা টেকনিক্যাল হাই স্কুল, বেগম ফখরুন্নেসা আলিম মাদ্রাসা। |
| ঠাকুরগাঁও | এসএসসি ও দাখিল | ৯টি (আংশিক) | হাজী কামরুল হুদা চৌধুরী গার্লস হাই স্কুল, পীরগঞ্জ গঙ্গায়ন টেকনিক্যাল হাই স্কুল, সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা। |
| দিনাজপুর | এসএসসি ও দাখিল | ১৪টি (আংশিক) | বিরামপুর চাঁদপুর সিনিয়র মাদ্রাসা, হোসেনপুর হাই স্কুল, বীরগঞ্জ ফাজিল মাদ্রাসা। |
| রংপুর | এসএসসি ও দাখিল | ১৬টি (আংশিক) | মাদারগঞ্জ গার্লস হাই স্কুল, রবার্টসনাগঞ্জ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, বাবুখাঁ কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসা। |
| বগুড়া | এসএসসি ও দাখিল | ১৭টি (আংশিক) | সোনাতলা পাইলট হাই স্কুল, সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, আদমদীঘি আদমিয়া কামিল মাদ্রাসা। |
| ঢাকা | এসএসসি ও দাখিল | ১৮টি (আংশিক) | রেডিও কলোনি মডেল স্কুল (সাভার), মিরপুর বাংলা হাই স্কুল, মাতুয়াইল গার্লস হাই স্কুল, আহসানিয়া মিশন কলেজ, আশরাফাবাদ আল আমিন ইসলামিয়া মাদ্রাসা, বায়তুল মোশাররফ দাখিল মাদ্রাসা। |
| চট্টগ্রাম | এসএসসি ও দাখিল | ১১টি (আংশিক) | হাটহাজারী গার্লস হাই স্কুল, বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনি হাই স্কুল, পিন্থিছিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা। |
সূত্রমতে, শিক্ষার্থী না থাকলেও মাস গেলেই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করছে সরকার। শিক্ষা কার্যক্রম না থাকা এসব প্রতিষ্ঠান বন্ধের পথে হাঁটছে সরকার। শোকজ প্রাপ্ত এসব প্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ভর্তি, ফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরি, পাঠদানের অনুমতিকালে আরোপিত এবং অন্যান্য প্রযোজ্য শর্তাবলি পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করা হতে পারে।
//ডিবিটেক/এইচএ/এসআই//





