আর্থ অবজারভেশন স্যাটেলাইট | দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষিতে নতুন প্রযুক্তির সম্ভাবনা
বন্যা, কৃষি ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় আর্থ অবজারভেশন স্যাটেলাইট চালুর উদ্যোগ: বিএসসিএলের সেমিনার
দেশের দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, বনাঞ্চল, ভূমি ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে প্রস্তাবিত আর্থ অবজারভেশন স্যাটেলাইট ব্যবস্থার সম্ভাবনা নিয়ে সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর হোটেল গ্র্যান্ড প্যালেসে “বাংলাদেশের প্রস্তাবিত আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম” শীর্ষক এ সেমিনারে দেশের বিভিন্ন খাতে এই প্রযুক্তির ব্যবহার, সম্ভাবনা ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান। তিনি বলেন, একটি আধুনিক আর্থ অবজারভেশন স্যাটেলাইট ব্যবস্থা চালু হলে দেশের ভূমি, পানি, কৃষি, বনাঞ্চল ও পরিবেশগত পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এর মাধ্যমে সরকারি সিদ্ধান্ত গ্রহণ আরও তথ্যনির্ভর ও কার্যকর হবে।
তিনি বলেন, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত, পানির প্রবাহ পর্যবেক্ষণ এবং ক্ষয়ক্ষতি কমাতে আগাম তথ্য ব্যবহারে এই স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে কৃষি উৎপাদন পর্যবেক্ষণ, ফসলের অবস্থা বিশ্লেষণ, রোগবালাই শনাক্ত এবং পানির সংকট নিরূপণেও এটি সহায়ক হবে।
সেমিনারে বক্তারা বলেন, আর্থ অবজারভেশন স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে বনাঞ্চলে অবৈধ কার্যক্রম শনাক্তকরণ, নদীভাঙন পর্যবেক্ষণ, উপকূলীয় পরিবর্তন বিশ্লেষণ, ভূমি জরিপ এবং নগর পরিকল্পনার মতো কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব (কোম্পানি) মো. মোতাছিম বিল্লাহ। তিনি আর্থ অবজারভেশন স্যাটেলাইটের প্রয়োজনীয়তা তুলে ধরে সংশ্লিষ্ট বিষয়ে দিকনির্দেশনা দেন।
সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য ব্যবহার তুলে ধরেন এবং প্রস্তাবিত স্যাটেলাইট ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে মতামত দেন।
অনুষ্ঠানে কারিগরি উপস্থাপনা করেন বিএসসিএলের সহকারী মহাব্যবস্থাপক এস এম আনোয়ারুল আজিজ। প্যানেল আলোচনায় অংশ নেন বিএসসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন ও ক্রয়) মো. গোলাম সারোয়ার এবং মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম।
বিএসসিএল জানিয়েছে, আর্থ অবজারভেশন স্যাটেলাইট ব্যবস্থা বাস্তবায়িত হলে বাংলাদেশের দুর্যোগ মোকাবিলা, কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই পরিকল্পনা প্রণয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
//ডিবিটেক/ইউএইচ/এমআই//





