বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার
১৯ আগষ্ট, ২০২৫ ১৭:০৪  
১৯ আগষ্ট, ২০২৫ ২৩:৫৯  

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনোয়ার হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সচিব পদে পদোন্নতির পর তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

১৯ আগস্ট, মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

এছাড়াও প্রজ্ঞাপনে মোহাম্মদ রফিকুল ইসলামকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। এর আগে তিনি সচিব পদমর্যাদায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছিলেন।

এর আগে ১৮ আগস্ট, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন কালে পানিসম্পদ মন্ত্রণালয়ে সিনিয়র সচিব নিয়োগ পান মো. মোকাব্বির হোসেন। আর জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রেহানা পারভীন।

একই দিনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসির) প্রশাসন বিভাগের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্যপদে বদলি করা হয়। তার স্থলে বিটিআরসির মহাপরিচালক পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মেহেদি-উল-সহিদকে পদায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গঠিত তদন্ত কমিটি। গত ৩০ জুলাই এ বিষয়ে বিটিআরসিকে চিঠি দেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ৷ সেখানে বলা হয়, প্রেষণে নিযুক্ত কর্মকর্তা হিসেবে সরকারের স্বার্থ সংরক্ষণ না করে এবং আইন বিধি অনুসরণ না করে তার উর্ধ্বতন কর্মকর্তার বিধিবহির্ভূত আদেশ প্রতিপালনের মাধ্যমে তিনি তার পেশাগত দায়িত্ব পালনে অবহেলা করেছেন। তদন্ত কমিটির সুপারিশে বলা হয়েছিল, আব্দুল্লাহ আল মামুনকে বিটিআরসি হতে প্রত্যাহার এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করা যেতে পারে।