ফ্রি-ট্রেড জোন ও রপ্তানি বৈচিত্র্যকরণে ই-কমার্স সহযোগিতার ওপর জোর

আলীবাবায় বাংলাদেশি পণ্য যুক্ত করার আহ্বান চিটাগাং চেম্বারের

বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ, পণ্য বৈচিত্র্যকরণ এবং ই-কমার্সভিত্তিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে আলীবাবা ডটকমের প্ল্যাটফর্মে বাংলাদেশি পণ্য যুক্ত করার আহ্বান জানিয়েছে চিটাগাং চেম্বার। এ সময় ব্যবসা সম্প্রসারণ, প্রশিক্ষণ ও এসএমই সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

আলীবাবায় বাংলাদেশি পণ্য যুক্ত করার আহ্বান চিটাগাং চেম্বারের
২০ জুন, ২০২৬ ২০:১১  

বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং ডিজিটাল বাণিজ্য জোরদারের অংশ হিসেবে আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মে স্থানীয় পণ্যের উপস্থিতি বাড়ানোর আহ্বান জানিয়েছে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

২০ জুন, শনিবার আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চীনভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবা ডটকমের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

সভায় তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বাণিজ্য সম্প্রসারণ, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বৃদ্ধি এবং রপ্তানি সক্ষমতা জোরদারে বন্ডেড ওয়্যারহাউস ও ফ্রি-ট্রেড জোন উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশি পণ্যকে বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত করার সুযোগ কাজে লাগানো প্রয়োজন।

তিনি চট্টগ্রামের আনোয়ারায় অনুমোদিত চীনা বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল এবং সম্ভাব্য ফ্রি-ট্রেড জোনকে কেন্দ্র করে রপ্তানিমুখী শিল্প উৎপাদন ও ইনটেক সার্ভিস স্টেশন স্থাপনের আহ্বান জানান।

চেম্বার সভাপতি বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। ভৌগোলিক নৈকট্য এবং অর্থনৈতিক সম্পর্কের সম্প্রসারণের কারণে ব্যবসায়ী-টু-ব্যবসায়ী যোগাযোগ আরও বাড়ানো প্রয়োজন। তিনি বাংলাদেশে ই-কমার্স, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ এবং ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন কার্যক্রমে চেম্বারের সহযোগিতার আশ্বাস দেন।

আলীবাবা ডটকমের পাকিস্তান ও বাংলাদেশের জেনারেল ম্যানেজার গাওয়া সামার বলেন, প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বজুড়ে বৃহৎ সংখ্যক ক্রেতা ও সরবরাহকারী নেটওয়ার্ক নিয়ে কাজ করছে। বাংলাদেশের বাজার ও জনসংখ্যাগত সম্ভাবনাকে বিবেচনায় রেখে এখানে ব্যবসা সম্প্রসারণের সুযোগ মূল্যায়ন করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও সামুদ্রিক খাদ্যপণ্যের উৎপাদন সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বাজারেও এসব পণ্যের চাহিদা রয়েছে। এ ছাড়া তৈরি পোশাকের বাইরে রপ্তানি বৈচিত্র্যকরণ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ডিজিটাল বাণিজ্যে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় জানানো হয়, চট্টগ্রামে আলীবাবা সেন্টার চালুর মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীদের প্রশিক্ষণ, ডিজিটাল বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি সংক্রান্ত তথ্য সহায়তা দেওয়া হবে।

চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, দেশে ই-কমার্সের বিস্তার বাড়াতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন জরুরি। আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্তির মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের নতুন বাজারে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে।

সভায় চেম্বারের পরিচালকবৃন্দ এবং আলীবাবা ডটকমের আঞ্চলিক ও বাংলাদেশ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/বিএন/ডিএইচই//