বিপিও সামিট ঘিরে চট্টগ্রামে তরুণ নেতাদের রাউন্ডটেবিল

বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম) উপলক্ষে আয়োজিত রাউন্ডটেবিল আলোচনায় তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান এবং ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়।

বিপিও সামিট ঘিরে চট্টগ্রামে তরুণ নেতাদের রাউন্ডটেবিল
১৬ জুন, ২০২৬ ১৭:৪৫  

আসন্ন ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’ উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) উদ্যোগে ‘রাউন্ড টেবিল উইথ ফিউচার লিডার্স’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্যারিয়ার সংগঠন, শিক্ষার্থী সংগঠন, লিডারশিপ ফোরাম, লিও ক্লাব, ইয়ুথ ক্লাব এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে চট্টগ্রামের তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, বিপিও ও আইটিইএস শিল্পের সম্ভাবনা, আঞ্চলিক পর্যায়ে ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণ এবং বৈশ্বিক কর্মবাজারে তরুণদের অংশগ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, চট্টগ্রামের বিপুল তরুণ জনশক্তি, বিশ্ববিদ্যালয়সমূহ এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগগুলোকে কাজে লাগিয়ে অঞ্চলটিকে দেশের অন্যতম আউটসোর্সিং ও ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে।

আলোচনায় ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’–এর লক্ষ্য, কার্যক্রম এবং তরুণদের অংশগ্রহণের সুযোগ নিয়েও বিস্তারিত তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা মত দেন, এ ধরনের আয়োজন তরুণদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়ক হতে পারে।

সভায় বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রযুক্তিগত দক্ষতা, যোগাযোগ সক্ষমতা এবং উদ্ভাবনী মানসিকতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, এসব দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডব্লিউ কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা সাবের শাহ। তিনি তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বিপিও ও আইটিইএস খাতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং বৈশ্বিক সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, আগামী ২০ জুন চট্টগ্রামের খুলশী কনভেনশন হলে ‘Where Talent Meets Global Opportunity’ প্রতিপাদ্যে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’ অনুষ্ঠিত হবে। সামিটে ক্যারিয়ার এক্সপো, পলিসি ডায়লগ, ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম, বিপিও অলিম্পিয়াড, রাউন্ডটেবিল আলোচনা, সেমিনার এবং নেটওয়ার্কিং কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

//ডিবিটেক/কেএমএইচ/এমআইএম//