বাংলাদেশে এল লেনোভোর নতুন গেমিং ল্যাপটপ

লেনোভো বাংলাদেশে নতুন গেমিং ল্যাপটপ এলওকিউ ১৫এএইচপি৯ উন্মোচন করেছে। এএমডি রাইজেন ৫ প্রসেসর, আরটিএক্স ৩০৫০ গ্রাফিক্স, ১৪৪ হার্জ ডিসপ্লে এবং এআই সমর্থিত প্রযুক্তি রয়েছে ডিভাইসটিতে।

বাংলাদেশে এল লেনোভোর নতুন গেমিং ল্যাপটপ
১৬ জুন, ২০২৬ ১৯:৩২  

বাংলাদেশের বাজারে নতুন গেমিং ল্যাপটপ এলওকিউ ১৫এএইচপি৯ (LOQ 15AHP9) উন্মোচন করেছে লেনোভো। গেমিং ও কনটেন্ট ক্রিয়েশনের চাহিদা মাথায় রেখে তৈরি করা এই ল্যাপটপে আধুনিক প্রসেসর, ডেডিকেটেড গ্রাফিক্স এবং এআই-সমর্থিত প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

লেনোভো জানিয়েছে, ল্যাপটপটিতে এএমডি রাইজেন ৫ ৮৬৪৫এইচএস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ৬টি কোর, ১২টি থ্রেড এবং সর্বোচ্চ ৫ গিগাহার্জ পর্যন্ত বুস্ট ক্লক স্পিড। গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য যুক্ত করা হয়েছে এনভিদিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০ (৯৫ ওয়াট) গ্রাফিক্স কার্ড, যা গেমিং ও কনটেন্ট তৈরির কাজে সহায়তা করবে।

ডিভাইসটিতে এএমডি রাইজেন এআই ইঞ্জিন যুক্ত রয়েছে, যা এআই-ভিত্তিক পারফরম্যান্স অপ্টিমাইজেশনের সুবিধা দেয়। এছাড়া ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লেতে রয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ১০০ শতাংশ আরজিবি কালার কভারেজ এবং জি-সিংক সমর্থন।

মেমোরি ও স্টোরেজ হিসেবে ল্যাপটপে রয়েছে ১৬ জিবি ডিডিআর৫ র‌্যাম এবং ৫১২ জিবি এনভিএমই এসএসডি। ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী র‌্যাম ৩২ জিবি এবং স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণ করতে পারবেন।

লুনা গ্রে রঙের এই ল্যাপটপে ইউএসবি-সি, এইচডিএমআই ২.১, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, গিগাবিট ইথারনেট এবং হোয়াইট ব্যাকলিট কীবোর্ডসহ বিভিন্ন আধুনিক সংযোগ সুবিধা রয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ডিভাইসটি এমআইএল-এসটিডি-৮১০এইচ মিলিটারি গ্রেড টেস্টিং মানদণ্ডে পরীক্ষিত। ল্যাপটপটির সঙ্গে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও দেওয়া হচ্ছে।

এদিকে, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে লেনোভোর এএমডি সিরিজের ল্যাপটপ ক্রেতাদের জন্য একটি বিশেষ প্রচারণা চালু করা হয়েছে। এ প্রচারণার আওতায় নির্ধারিত মডেলের ল্যাপটপ কিনলে ক্রেতারা পছন্দের দলের একটি জার্সি পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

//ডিবিটেক/এমআরএম/ইএম//