আলোচনায় দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক
জিয়ার বেতার ভাষণ স্মরণে ভারতীয় দূতাবাসের পোস্ট
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমান–এর ৪৫তম শাহাদতবার্ষিকীতে তার ঐতিহাসিক বেতার ভাষণের কথা স্মরণ করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
৩০ মে, শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলা ও ইংরেজিতে দেওয়া এক পোস্টে ১৯৭১ সালের মার্চে দেওয়া জিয়াউর রহমানের সেই বিখ্যাত বেতার ভাষণের প্রসঙ্গ তুলে ধরা হয়।
পোস্টে বলা হয়, “আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি, যা জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।”
ভারতীয় দূতাবাস আরও উল্লেখ করে, মুক্তিযুদ্ধের সময়কার মতো আজও ভারত বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। পোস্টে দুই দেশের জনগণের মধ্যে “অভিন্ন আত্মত্যাগের গৌরবগাথা” এবং “অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রা”-র কথাও তুলে ধরা হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে ভারতীয় দূতাবাসের এ ধরনের বার্তা বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপটকে নতুন করে আলোচনায় এনেছে। বিশেষ করে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে জিয়াউর রহমানের বেতার ভাষণ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে।
/ডিবিটেক/ আরএ/ ইকে/



