ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। ২৬ মে, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
তারেক রহমান লিখেছেন, ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহিমান্বিত বার্তা নিয়ে আবারও মুসলিম উম্মাহর দুয়ারে এসেছে পবিত্র ঈদুল আজহা। এ শুভক্ষণে তিনি দেশ ও বিশ্বের সব মুসলমানকে ঈদ মোবারক জানান।
তিনি আরও বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা ঈদুল আজহা উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছেন। ইসলামের এই উৎসব কেবল আনন্দের নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের প্রতীক।
পোস্টে তিনি উল্লেখ করেন, হযরত ইব্রাহিম (আ.)–এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য ও আত্মত্যাগের দৃষ্টান্ত ঈদুল আজহাকে মুসলিম উম্মাহর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ করেছে।
তারেক রহমান আল্লাহর দরবারে দোয়া করেন, সবার কোরবানি ও ইবাদত কবুল হোক। পাশাপাশি দেশ ও বিশ্বে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হোক।
তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমায় ভাস্বর হোক এবং আল্লাহর রহমত ও বরকতে মানুষের জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
/ডিবিটেক/এসআই/ ইকে/



