প্রযুক্তির ছোঁয়ায় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে হজের খুতবা
প্রযুক্তির অগ্রগতিতে হজের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আরাফার ময়দানের খুতবা এখন ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। লাইভ স্ট্রিমিং ও ভাষা রূপান্তর প্রযুক্তির মাধ্যমে কোটি মানুষ নিজ নিজ ভাষায় সরাসরি শুনছেন হজের খুতবা।
২৬ মে, মঙ্গলবার মক্কা লাইভ–এর ওয়েবসাইট থেকে তিনটি স্ট্রিমিং চ্যানেলে সম্প্রচার শুরু হয়। লাইভ সম্প্রচারে দেখা যায়, সাদা দুই টুকরা কাপড়ে ইহরাম পরে হজযাত্রীরা মিনায় ফজরের নামাজ আদায়ের পর আরাফার ময়দানের উদ্দেশে রওনা হন।
ছাতা মাথায় আরাফার ময়দানে সমবেত হয়ে তারা উচ্চারণ করেন, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’। মক্কার পবিত্র কাবাকে কেন্দ্র করে তাওয়াফ ও সাঈর মধ্য দিয়েই হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এবার হজ উপলক্ষে খুতবা সম্প্রচারে বড় পরিসরে প্রযুক্তি ব্যবহার করেছে দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি। ২০২৬ সালের হজের মূল খুতবা বিশ্বের ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ ও সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
বাংলা, ইংরেজি, ফরাসি, উর্দু, তুর্কি, চীনা, রুশ, হিন্দি, মালয়, তামিল, পশতুসহ বিভিন্ন ভাষার মানুষ এখন ডিজিটাল প্ল্যাটফর্মে নিজ ভাষায় খুতবা শুনতে পারছেন।
সৌদি আরবের পবিত্র শহর মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আরাফার ময়দানের নামিরাহ মসজিদে বাংলাদেশ সময় বিকাল ৩টা ২০ মিনিটে খুতবা শুরু করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।
এ বছর বাংলা অনুবাদ কার্যক্রমে যুক্ত রয়েছেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব। তারা সবাই বিভিন্ন সময়ে উম্মুল কুরা ইউনিভার্সিটি–তে পড়াশোনা করেছেন।
/ডিবিটেক/এসআই/ইকে/



