আদ্দিস আবাবায় বাংলাদেশের ই-পাসপোর্ট সেবা চালু
আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবা চালু করেছে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ফলে এখন থেকে ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান ও বুরুন্ডিতে অবস্থানরত বাংলাদেশিরা ৫ ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করেন মিশন রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিতওয়াত নাঈম। অনুষ্ঠানে তিনজন আবেদনকারীর হাতে ই-পাসপোর্ট আবেদনের ডেলিভারি স্লিপ তুলে দেয়া হয়।
উদ্বোধনী বক্তব্যে ই-পাসপোর্টের প্রযুক্তিগত আধুনিকতা, নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন লে. কর্নেল মনজুর–ই–এলাহী।
তিনি বলেন, ই-পাসপোর্ট সেবা চালুর ফলে ইথিওপিয়া ও পার্শ্ববর্তী তিন দেশ—সুদান, দক্ষিণ সুদান ও বুরুন্ডিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজ হবে। এতে নাগরিকদের মর্যাদা বাড়বে। ই-পাসপোর্টের সর্বাধুনিক প্রযুক্তি বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়াবে এবং ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে বহু দেশ আগ্রহী হবে।
বক্তব্যে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শিহাব উদ্দিন খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন।
আদ্দিস আবাবা মিশন ৬৮তম বিদেশস্থ বাংলাদেশ মিশন হিসেবে ই-পাসপোর্ট সেবা চালু করায় রাষ্ট্রদূত পাসপোর্ট অধিদপ্তর ও প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার আহ্বানও জানান।
ডিবিটেক/জেজিএন/ইকে







