সাইবার ড্রিলে চ্যাম্পিয়ন সাইবারস্যাভি
দেশের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ডিজিটাল তথ্য সুরক্ষা এবং গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো (সিআইআই) নিশ্চিত করতে বরাবরের মতো ‘জাতীয় সাইবার ড্রিল ২০২৬’ করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। এবারের প্রতিযোগিতায় সর্বোচ্চ ৫,৭৫০ স্কোর অর্জন করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির দল ‘সাইবারস্যাভি’ চ্যাম্পিয়ন হয়েছে। ড্রিলটিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ‘ডিবিবিএল সাইবার স্কোয়াড’ এবং তৃতীয় স্থান লাভ করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ‘সিবিবিএল ওয়ারিয়র’।
২৩ মে, শনিবার, গণমাধ্যমকে জানানো হয় এই প্রতিযোগিতার ফলাফল। জানানো হয়, এবারে ড্রিলে দেশের ৬৮টি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সংস্থার কারিগরি টিম গত ১৬ মে, শনিবার এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত অংশ নেয়। এতে দাবি করা হয়, বাস্তবধর্মী সাইবার হামলা মোকাবিলা, ডিজিটাল ফরেনসিক, ওয়েব সিকিউরিটি ও থ্রেট অ্যানালাইসিসসহ বিভিন্ন আধুনিক নিরাপত্তা বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাই করা হয় এই জাতীয় ডাটাবিকেন্দ্রীকরণ অনুশীলনে।
গত বছর অনুষ্ঠিত ষষ্ঠ ব্লকচেইন ও এআই অলিম্পিয়াডের (বিসিওএলবিডি) ধারাবাহিকতায় দেশের তরুণ ও আইটি পেশাজীবীদের সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধিতে এই আয়োজনকে বড় মাইলফলক হিসেবে দেখছেন আয়োজকরা।
আয়োজক প্রতিষ্ঠান জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক চিকিৎসক মো. তৈয়বুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এই ডিজিটাল ড্রিলটি পরিচালিত হয়। সমাপনী অনুষ্ঠানে সংস্থার পরিচালক (অপারেশন-২) মো. হোসেন বিন আমিনের বরাতে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে সমন্বিত সাইবার প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা এবং সাইবার হুমকি মোকাবিলায় প্রস্তুতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ড্রিল সংশ্লিষ্ট সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বর্তমান সরবরাহ শৃঙ্খল সংকট ও আইটি হার্ডওয়্যার বাজারের অস্থিরতার মধ্যেও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিজস্ব নেটওয়ার্ক সুরক্ষিত রাখতে এই ধরণের মহড়া অত্যন্ত কার্যকর অবদান রাখবে।
/ডিবিটেক/ ডিপিও/ এমইউএম



