ঝিনাইদহে হামলার ঘটনায় ফেসবুকে এনসিপি নেতাদের ক্ষোভ
২২ মে, শুক্রবার: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। জেলা কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার পর এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়।
তিনি জানান, প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হলে তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন। তাকেও কিল-ঘুষি মারা হয়েছে বলে দাবি করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, হামলার সময় মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর তারা থানায় অবস্থান করছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। একই সঙ্গে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা থানার সামনেও হামলার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় এনসিপির নেতা সারজিস আলমও ফেসবুক পোস্টে হামলার অভিযোগ তুলে বলেন, ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় কয়েকজন রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে জানান, ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী, তারেক রেজাসহ এনসিপি নেতাদের ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
#ডিবিটেক/সিটি/ইকে/



